চোখ উপড়ে পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে এক যুবলীগ নেতার দুই চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। কেটে দেওয়া হয়েছে দুই পায়ের রগও। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত নুরুল আবছার (২৯) বড় মহেশখালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। পুলিশ বলছে, যুবলীগের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, নুরুল আবছারকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন। অবস্থার অবনতি হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া জানান, আবছারের চোখ ও পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আবছারের স্ত্রী খালেদা বেগম তাঁর স্বামীর ওপর হামলার জন্য বড় মহেশখালীর ইউপির চেয়ারম্যান শরীফ বাদশার ছেলে আবদুল্লাহ আল নিশানকে দায়ী করেছেন। নিশান সম্পর্কে আবছারের চাচাতো ভাই।
খালেদা বেগম প্রথম আলোকে জানান, কক্সবাজার শহরে যাওয়ার জন্য তাঁর স্বামী গতকাল বেলা তিনটার দিকে বাড়ি থেকে বের হন। ব্যাটারিচালিত রিকশায় করে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে মঠপাড়ায় পৌঁছান। তিনি অভিযোগ করেন, নিশানের নেতৃত্বে সাত-আট যুবক মঠপাড়া এলাকা থেকে আবছারকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্বামীর দুই চোখ উপড়ে ফেলা হয়। কাটা হয় দুই পায়ের রগ।
তবে অভিযোগের বিষয়ে নিশানের বক্তব্য পাওয়া যায়নি।