চোখ উপড়ে, পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ পারভেজ (৩৫) নামের এক ব্যক্তির দুই চোখ উপড়ে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি দখলকে কেন্দ্র করে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার জোনাব আলী ও জালাল আহমদ পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে এক বছর আগে জালালের লোকজন জোনাব আলীর পক্ষের আশেক নামের এক শিশুকে অপহরণ করে হত্যা করে। এরপর জালালের লোকজন আত্মগোপনে চলে যায়।
গতকাল সকাল আটটার দিকে জালালের লোকজন এলাকায় এলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে জোনাব আলীর লোকজন ধাওয়া করে জালালের সমর্থক পারভেজকে আটক করে। এরপর তারা পারভেজের দুই চোখ উপড়ে ফেলে ও তাঁর দুই পায়ের রগ কেটে দেয়। পরে জালালের বাড়ির সামনে একটি রাস্তায় হাত-পা বেঁধে পারভেজকে ফেলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।
খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও পারভেজকে উদ্ধার করে। এ সময় পুলিশ দেশে তৈরি একটি এলজি ও চারটি কার্তুজের খোসা উদ্ধার করে।
আশঙ্কাজনক অবস্থায় পারভেজকে দুপুর দেড়টার দিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রানা চৌধুরী তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
পারভেজের চাচা রমিছ আলম জানান, জোনাব আলীর লোকজন গতকাল পারভেজকে পাহাড়ি এলাকায় নিয়ে তাঁর দুই চোখ তুলে ও পায়ের রগ কেটে দেন। তবে এ ব্যাপারে একাধিকবার জোনাব আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।