চোখে ছানি কাটার নামে জালিয়াতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন শল্যচিকিৎসক। ১০ শয্যার হাসপাতাল। চার দিনে অস্ত্রোপচার করা রোগীর সংখ্যা ৭০০। অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে ছানি কাটার এই রেকর্ড গড়ার দাবি করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান সরকারের ন্যাশনাল আই কেয়ার প্রজেক্টের কর্মসূচির ব্যবস্থাপক। আর যে হাসপাতালে ৭০০ জনের ছানি কাটার দাবি করছেন তিনি, সেটি তাঁরই। নাম রাজবাড়ী চক্ষু ক্লিনিক ও স্পেশালাইজড হাসপাতাল। এরই মধ্যে তিনি সাদা কাগজে ২০ লাখ ৩০ হাজার টাকার বিলও জমা দিয়ে ফেলেছেন। নিয়ম অনুযায়ী যে সংস্থাটি অস্ত্রোপচারের কাজ করেছে, সেটির রোগীর নাম, ঠিকানা, মুঠোফোন নম্বরসহ বিল জমা দেওয়ার কথা। সে নিয়মও তিনি মানেননি। সাদা কাগজে বিল জমা দিয়েছেন। বিলের অনুলিপি প্রথম আলোর কাছে আছে।
‘নিবারণযোগ্য অন্ধত্ব’ রোধে সরকার ২০০৩ সালে প্রথম ন্যাশনাল আই কেয়ার কর্মসূচিটি হাতে নেয়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নেতৃত্বে, বেসরকারি সংস্থা, ক্লিনিক ও হাসপাতালগুলো অগ্রাধিকার বিবেচনায় বিভিন্ন জেলায় গিয়ে বিনা মূল্যে এই অস্ত্রোপচারের কাজটি করে থাকে।
মোস্তাফিজুর রহমান রাজবাড়ী যাওয়ার আগেই ৭০০ রোগীর বিল চেয়েছিলেন। তাঁর সেই আবেদন মঞ্জুর করেননি ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর জালাল আহমেদ। জানা গেছে, তাঁর ক্লিনিকে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি কোনোটাই নেই। ন্যাশনাল আই কেয়ার প্রজেক্টের কর্মসূচি ব্যবস্থাপক হওয়ার পর তিনি তালিকায় তাঁর ক্লিনিকের নামটি অন্তর্ভুক্ত করান। তাঁর দাবি, ৩ জুন থেকে রাজবাড়ীতে বিরতি দিয়ে মোট সাত দিন চক্ষুশিবির চলে।
মোস্তাফিজুর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে নিয়ম ভেঙে দুটি মাইক্রোসকোপ ও অস্ত্রোপচারের যন্ত্রপাতি নিয়ে গেছেন। গতকাল পর্যন্ত এই যন্ত্রপাতিগুলো হাসপাতালে ফেরেনি।
মোস্তাফিজুর রহমান ছানি কাটার কাজ শুরুর সময় থেকেই প্রথম আলোর প্রতিনিধি পুরো কর্মকাণ্ড অনুসরণ করেন। রাজবাড়ী চক্ষু ক্লিনিকে ৭ জুন বেলা সাড়ে তিনটা পর্যন্ত ২৪ জনকে অস্ত্রোপচার করা হয়। পরে যোগাযোগ করা হলেও চার দিনে সর্বমোট কতজনের ছানি কাটা হলো, সে তথ্য জানা যায়নি। মোস্তাফিজুর রহমানের ভাগনে তৌফিক এলাহি এই কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি জানান, ‘অপারেশনগুলো আমার মামা একাই করেন এবং ক্লিনিকের নার্সরা সব ধরনের সহযোগিতা করেন। ঢাকা থেকে কয়েক দিন ডাক্তাররা এসে কার্যক্রম পরিদর্শন করে গেছেন।’
জানতে চাইলে মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাজবাড়ীতে মোট পাঁচটি জায়গায় অস্ত্রোপচার হয়েছে। সব মিলিয়ে ৭০০ জনের ছানি কাটা হয়। তাঁর হাসপাতালে ১৩৫ জনের ছানি কাটা হয়েছে। তবে জমা দেওয়া বিলে তিনি শুধু রাজবাড়ী চক্ষু হাসপাতালের কথাই উল্লেখ করেছেন।
১০ শয্যার হাসপাতালে এত রোগীর অস্ত্রোপচার কী করে হলো জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু রোগীকে বেঞ্চিতে বসিয়ে রেখেছি, কিছু রোগীর অপারেশন হয়েছে। চার ঘণ্টা পরপর রোগী বাড়ি পাঠিয়ে দিয়েছি।’
অগ্রিম কেন বিল চেয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি কি আমাকে ক্লিনিকের মালিক হিসেবে প্রশ্ন করছেন, না ন্যাশনাল আই কেয়ার প্রজেক্টের ব্যবস্থাপক হিসেবে? বিল তো অগ্রিম দেওয়া হয়নি।’