চোর অপবাদে শিশুকে নির্যাতন একজন গ্রেপ্তার
বগুড়ার ধুনট উপজেলার মানিকপটল গ্রামে চোর অপবাদ দিয়ে রাব্বি মিয়া (১০) নামের এক শিশুকে নির্যাতনের অভিযোগে আল আমিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বুধবার রাব্বিকে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাছের সঙ্গে হাত-পা ও গলায় দড়ি বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় শিশুটির বাবা লাল মিয়া বাদী হয়ে গত শুক্রবার রাতে আল আমিনসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার স্কুলে যাওয়ার সময় রাব্বিকে মানিকপটল বাজারের মিষ্টি ব্যবসায়ী খলিলুর রহমান ডেকে নিয়ে যান। পরে শিশুটিকে প্রতিবেশী নাহারের ঘরে আটক রেখে চোর চোর বলে চিৎকার করেন। এ সময় একই গ্রামের আল আমিন, মিজানুর রহমানসহ কয়েকজন এসে রাব্বিকে হাত-পা ও গলায় দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন চালায়।
থানাহাজতে আটক থাকাকালে আল আমিন বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।