চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কেশাইল পশ্চিমপাড়া গ্রামের ফরহাদ হোসেন ওরফে ফুলবরের বাড়িতে এ ঘটনা ঘটে।
পিটুনিতে নিহত ব্যক্তির নাম শাকিল হোসেন (২৮)। তাঁর বাড়ি একই উপজেলার পূর্ব খাদাইল গ্রামে। শাকিলের স্বজনদের দাবি, তাঁকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গ্রামবাসীর বর্ণনা অনুযায়ী, গত বুধবার দিবাগত রাতে ফরহাদ হোসেনের বাড়ির প্রাচীর টপকে শাকিল ভেতরে প্রবেশ করেছেন—এমন অভিযোগ তোলা হয়। এরপর বাড়ির লোকজন চোর সন্দেহে তাঁর হাত পিছমোড়া করে দড়ি দিয়ে বেঁধে রাতভর মারধর করেন। কয়েকজন প্রতিবেশীও মারধরে অংশ নেন। গতকাল সকালেও শাকিলকে বাড়ির বাইরে এনে মারধর করা হয়। একপর্যায়ে তিনি মারা যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী কেশাইল গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ছাত্র সাগর হোসেন বলে, চোর ধরা পড়ার খবরে সে ভোরে ফুলবরের বাড়িতে গিয়ে দেখে, তখনো মারধর চলছে। আটক লোকটি ‘পানি দাও’ বলে চিৎকার করলেও কেউ তাঁকে পানি দেয়নি।
নিহত শাকিলের বড় ভাই শাহিন হোসেন প্রথম আলোকে বলেন, শাকিল ফেনসিডিল ও ভারতীয় কাপড়ের ব্যবসা করতেন। ঘটনার দিন সকালে তাঁর ভাই মুঠোফোনে জানিয়েছিলেন, কেশাইল গ্রামের এক ব্যক্তি তাঁর লক্ষাধিক পাওনা টাকা ফেরত দেবেন। শাহীন দাবি করেন, পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শাকিলকে হত্যা করা হয়েছে।