চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চোর সন্দেহে রিয়াদ (১৭) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উথুরি এলাকার টাওয়ার বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদের বাড়ি উপজেলার উথুরি গ্রামে। সে ঘাগড়া উথুরি পিছান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম সাইদুর রহমান ওরফে শাহীন। তিনি সৌদি আরবপ্রবাসী।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান ও স্থানীয় কয়েকজন জানান, আজ ভোর আনুমানিক পাঁচটার দিকে রিয়াদ টাওয়ার মোড় বাজারের আশরাফুল নামের একজনের দোকানের তালা ভাঙার চেষ্টা করছিল—এমন অভিযোগের ভিত্তিতে বাজারের কয়েকজন ব্যবসায়ী তাকে আটক করেন। পরে একটি গাছের সঙ্গে পিটিয়ে হত্যা করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, মারধর করার সময় রিয়াদ বারবার প্রাণ ভিক্ষা চাইছিল। তবু আশরাফুল ও তাঁর সঙ্গে থাকা অন্যরা তাকে মারধর করেই যাচ্ছিলেন। ঘটনাস্থলে রিয়াদের মৃত্যু হয়।

ঘটনার পর থেকে আশরাফুল পলাতক। বাজারে তাঁর দোকানসহ বেশির ভাগ ব্যবসায়ী নিজেদের দোকান বন্ধ রেখেছেন।