চোর সন্দেহে কৃষককে গণপিটুনি পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার আবদুল মজিদ (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বন্তেশ্বর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল খালেক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গতকাল শুক্রবার দুপুরে আবদুল মজিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মজিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল তাঁর ভাই খবর পেয়ে হাসপাতালে আসেন।
মজিদের ভাই রতন হোসেন (২৮) বলেন, বদলগাছি উপজেলার রাজাপুর গ্রামে গত বুধবার রাতে এলাকাবাসী চোর সন্দেহে মজিদকে গণপিটুনি দেন। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাঁকে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে থেকে তাঁকে রাজশাহীতে স্থানান্তর করা হয়। রতন আরও বলেন, ‘আমার ভাই চোর না। আমার ভাই কৃষক, দিনমজুর। আমি থানায় হত্যা মামলা করব।’