চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোর সন্দেহে পাঁচজন গরু ব্যবসায়ীসহ ছয়জনকে গণপিটুনি দেওয়ার ঘটনায় ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পিটুনির শিকার আবদুল গাফফার। মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আজ রোববার বিকেলে আলমডাঙ্গা থানায় তিনি মামলাটি করেন।
আলমডাঙ্গা থানার পুলিশ এজাহারভুক্ত আসামি ইউপি সদস্য ইনামুল হক (৪৫) ও আমজাদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে।
জেলার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের আবুল কালাম (৪৫), মোহাম্মদ সাহেব (৪৫), আবদুল গাফফার (৩০), মো. ইনতাজুল হোসেন (৩০) ও তাঁর শ্বশুর উজিরপুর গ্রামের খাকছার মণ্ডল (৫০) এবং ট্রাকচালক চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়া শামীমকে (২৫) শনিবার ভোররাতে ভদুয়া যমুনা মাঠে গরুচোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। হামলাকারীরা তাঁদের কাছে নগদ টাকা ও ছয়টি মুঠোফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ গণপিটুনিতে আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাঁরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবারের ঘটনায় আহতদের পরিবার ও এলাকার জনপ্রতিনিধিরা তাঁদের প্রতিষ্ঠিত গরু ব্যবসায়ী দাবি করলে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ সরেজমিন তদন্ত করেন। তদন্তের পর গণপিটুনির শিকার ব্যক্তিদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই রোববার বিকেলে আবদুল গাফফার মামলা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।