চোর সন্দেহে ছাত্রকে পিটুনি, পুলিশ সদস্য গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলায় গতকাল সোমবার চোর সন্দেহে এক স্কুলছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছুটিতে থাকা পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বাঘা থানার পুলিশ।
আহত মনিরুল ইসলামের (১৩) বাড়ি উপজেলার চক নারায়ণপুর গ্রামে। তার বাবার নাম মিঠু প্রামাণিক। সে বাঘা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে উপজেলার নারায়ণপুর বাজারে মাছের হাটে মহিবুল আলম নামের এক ব্যবসায়ীর মুঠোফোন খোয়া যায়। এ ঘটনায় তিনি মনিরুলকে চোর সন্দেহ করে বসেন। তারপর মহিবুল আর তাঁর দুই ভাই সেনাসদস্য জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সদস্য হাফিজুর রহমান মনিরুলকে নারায়ণপুর বাজারের কাছে একটি দোকানের সামনে নিয়ে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, হাফিজুর রহমান রাজশাহী রিজার্ভ ফোর্সে এবং জাহাঙ্গীর হোসেন যশোরে কর্মরত। তাঁরা দুজন ছুটিতে রয়েছেন। তাঁরা দোকানের বারান্দায় মনিরুলকে উল্টো করে ঝুলিয়ে কাঠের টুকরো দিয়ে পেটান। পরে বাজারের লোকজন এগিয়ে এলে মোটরসাইকেল ফেলে তিন ভাই পালিয়ে যান। স্থানীয় লোকজন মনিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে। হাফিজুর রহমান থানায় মোটরসাইকেলটি আনতে যান। তখন পুলিশ তাঁকে আটক করে। পরে মনিরুলের মা বাদী হয়ে তিন ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করলে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, স্কুলছাত্রকে মারধরের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশের গ্রেপ্তার সদস্য হাফিজুর রহমানের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।