চোর সন্দেহে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় চোর সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ওই গণপিটুনির ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তরুণকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়।
নিহত তরুণের নাম ফারুক হোসেন (২২)। তিনি চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে।
মৃত্যুর আগে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
নিহত ফারুকের বাবা আবু বকর সিদ্দিকী জানান, তাঁর ছেলে মাদকাসক্ত ছিলেন। ফারুক দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
রেলবাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল দিবাগত মধ্যরাতে সংঘবদ্ধ চোরেরা পরপর ৯টি দোকানের টিনের চাল কেটে চুরি করে। একপর্যায়ে নৈশপ্রহরীরা টের পেয়ে বাঁশি বাজিয়ে পরস্পরকে সতর্ক করেন। নৈশপ্রহরীদের সম্মিলিত চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং চোরের দলকে ধাওয়া করে। ওই সময় একজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয় লোকজন। নিহত তরুণের সহযোগীরা পালিয়ে যান।
এদিকে গণপিটুনিতে আহত ফারুক হোসেনকে পুলিশ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। আজ সকাল সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক আওলিয়ার রহমান ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন।
সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান জানান, মৃত্যুর আগে ফারুক হোসেন তাঁর সহযোগীদের নাম-পরিচয় বলে যান। তাঁদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন হৃদয় হোসেন (২১) ও সাগর হোসেন (৩৫)। তাঁদের বাড়ি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের হক পাড়ায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান প্রথম আলোকে জানান, নিহত ফারুক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতেই চুরির পথে নামেন তিনি।