চোর সন্দেহে পুলিশ সদস্যকে পিটুনি, একজন গ্রেপ্তার
পাওনা টাকা আদায় করতে গিয়ে চোর সন্দেহে স্থানীয় লোকজনের গণপিটুনির শিকার হয়েছেন সাইফুল ইসলাম (৪৫) নামের পুলিশের স্পেশাল বেঞ্চের (এসবি) এক কনস্টেবল। লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় হেলাল উদ্দিনসহ চারজনকে আসামি করে সাইফুল ইসলাম একটি মামলা করেন। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের হেলালকে (২৩) আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি গ্রামের সাইফুল ইসলাম এসবির কনস্টেবল হিসেবে ঢাকায় বঙ্গভবনে কর্মরত আছেন। স্থানীয় পরিচয়ের সূত্র ধরে সাইফুল ব্যবসা করার জন্য হেলালকে ৪ লাখ ৪০ হাজার টাকা ধার দেন। সেই টাকা দিতে গড়িমসি করায় তিনি টাকা উদ্ধারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ এলাকায় যান। মামার বাড়িতে আত্মগোপনে থাকা হেলালের সঙ্গে দেখা হলে টাকা চাওয়ামাত্রই ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার দিয়ে হেলাল পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে (সাইফুল) আটক করে তর্কবিতর্কের একপর্যায়ে গণপিটুনি দেন। একপর্যায়ে সাইফুল নিজেকে পুলিশ সদস্য দাবি করলে স্থানীয় লোকজন ভুয়া পুলিশ মনে করে আরও গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় লোকজন পুলিশের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ।
সাইফুল বলেন, ‘হেলাল ব্যবসা করার কথা বলে আমার কাছ থেকে ধার হিসেবে ওই ৪ লাখ ৪০ হাজার টাকা নেন। কিন্তু টাকা বা লাভ কোনো কিছুই দেন না, শুধু দেব দেব বলেন। আমি টাকা আদায়ের জন্য অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে এসে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করি। আমার আসার কথা জানতে পেরে হেলাল নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে হেলাল তাঁর লোকজন দিয়ে আমাকে হাজীগঞ্জে আটক করে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করেন। পুলিশ আমাকে উদ্ধার করেছে। আমি থানায় মামলা করেছি।’
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় বলেন, সাইফুলকে মারধর করাসহ নাজেহাল করার অভিযোগে দায়ের করা মামলায় হেলালকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিশেষ ব্যবস্থায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাইফুল প্রয়োজনীয় চিকিৎসা শেষে ঢাকায় তাঁর কর্মস্থলে ফিরে গেছেন। মামলা হয়েছে, তদন্ত চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।