চোর সন্দেহে মারধর, ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোর সন্দেহে মারধর করায় এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে চোর সাজিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে চোর সন্দেহে মারধর করার পর আজ শুক্রবার সকালে ওই ব্যবসায়ী মারা যান।

নিহত ব্যবসায়ীর নাম মোস্তফা চৌধুরী (৩০)। তিনি উপজেলার আরামকাঠি গ্রামের সোহরাব চৌধুরীর ছেলে। মোস্তফা একসময় রিকশা চালাতেন। পরে তিনি কাঁচামালের ব্যবসা শুরু করেন।

পুলিশ ও নিহত ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে মোস্তফা চৌধুরী উপজেলার গণম্যান গ্রামে শ্বশুরবাড়ি যান। সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরেন। রাত নয়টার দিকে মোস্তফা চৌধুরী আরামকাঠি গ্রামের মোল্লা বাড়ির সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক চোর চোর চিৎকার দিয়ে মোস্তফা চৌধুরীকে আটক করে মারধর করা শুরু করে। পরে জলাবাড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নকিতুল্লাহ সরদার ও গ্রাম পুলিশ মো. ইব্রাহিম সাদা কাগজে স্বাক্ষর রেখে মোস্তফা চৌধুরীকে তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। রাতে মোস্তফা চৌধুরীকে বাড়ি নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হাসান বলেন, আজ সকাল সোয়া নয়টার দিকে মোস্তফা চৌধুরীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
মোস্তফা চৌধুরীর বাবা সোহরাব চৌধুরী ও শ্যালক বেল্লাল শেখ অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে মোস্তফা চৌধুরীকে চোর সাজিয়ে মারধর করা হয়েছে।

তবে এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেন আরামকাঠি গ্রামের শাহজাহান মোল্লা। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত নয়টার দিকে মোস্তফা চৌধুরী আমার ঘরে চুরি করতে গেলে আমার মেয়ে চিৎকার করে। চিৎকার শুনে পালানোর সময় মোস্তফাকে লোকজন মারধর করে।’

জলাবাড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নকিতুল্লাহ সরদার বলেন, ‘ঘটনার সময় আমি বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শেষে বাড়ি ফিরছিলাম। চোর সন্দেহে মোস্তফাকে ধরে স্থানীয় লোকজন আমাকে ফোনে জানায়। পরে বাড়ি এসে গ্রাম পুলিশকে নিয়ে মোস্তফাকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করি।’

আজ দুপুরে নেছারাবাদ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, নিহত মোস্তফার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।