চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কেশাইল পশ্চিমপাড়া গ্রামে ফরহাদ হোসেন ওরফে ফুলবরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজনের ভাষ্য।
নিহত ব্যক্তির নাম শাকিল হোসেন (২৮)। তাঁর বাড়ি একই উপজেলার পূর্ব খাদাইল গ্রামে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবলু হোসেন তাঁর পরিচয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর ভাষ্য, গতকাল বুধবার দিবাগত রাতে ফরহাদের বাড়ির পাঁচিল টপকে শাকিল ভেতরে প্রবেশ করেছেন বলে অভিযোগ তোলা হয়। পরে চোর সন্দেহে তাঁকে বেঁধে মারধর করা হয়। আজ বৃহস্পতিবার সকালেও মারধর চলে। একপর্যায়ে তিনি নেতিয়ে পড়েন। তাঁর নিথর দেহ একটি ভ্যানে করে স্থানীয় কোলা ইউপি কার্যালয়ের সামনে নেওয়া হয়। মৃত মনে হওয়ায় ইউপি থেকে শাকিলকে গ্রহণ করেনি। পরে তাঁর নিথর দেহ ফিরিয়ে আনা হয়।
সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফরহাদ ও তাঁর কয়েকজন প্রতিবেশীর বাড়ির ফটকে তালা ঝুলছে। ফরহাদের বাড়ির ফটকের সামনে একটি ভ্যানে শাকিলের লাশ পড়ে আছে।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।