চোরাই গরু বহনের টাকা নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা গরু বহনের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্রে করে একজন রাখাল নিহত হয়েছেন। ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার তিনি মারা যান। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের সিকড়ি গ্রামের ঢালীপাড়ায় গত রোববার এ ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন (২২) সাতক্ষীরা সদর থানার সিকড়ি গ্রামের হাসানুর রহমানের ছেলে।
সুমনের মামাতো ভাই ও প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান বলেন, সুমন ভারত থেকে অবৈধভাবে ব্যবসায়ীদের গরু নিয়ে আসতেন (গরু বহনকারীদের স্থানীয়ভাবে রাখাল বলে)। এ জন্য গরুপ্রতি তাঁকে এক হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে বলে ব্যবসায়ী বাবলু হোসেনের সঙ্গে তাঁর চুক্তি ছিল। গরু নিয়ে আসার পারিশ্রমিক বাবদ বাবলুর কাছে তিনি ৪০ হাজার টাকা পেতেন। মাস খানেক আগে ওই টাকা বাবলু অপর একজন গরুর রাখাল একই গ্রামের জাকির হোসেনের মাধ্যমে তাঁকে দেওয়ার জন্য পাঠান। কিন্তু জাকির নিজে টাকা পৌঁছে না দিয়ে অপর এক রাখাল ওই গ্রামের ঢালীপাড়ার বাহারুল ঢালীকে টাকা দিয়ে আসার জন্য দেন। বাহারুল ৩০ হাজার টাকা সুমনকে দেন। বাকি টাকা পরে দেবেন বলে জানান। কিন্তু ওই টাকা নিয়ে বাহারুল পরে টালবাহনা শুরু করেন। রোববার দুপুরে টাকা নিয়ে আসতে বাহারুলের বাড়িতে যান সুমন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে বাহারুল, জাকির ও বাবলু সরদার তাঁকে বাঁশ দিয়ে বেধড়ক পেটান। আহত অবস্থায় প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
জাকির হোসেন মুঠোফোনে জানান, টাকা দিচ্ছিল না বলে সুমন ৮ থেকে ১০ জন লোক নিয়ে বাহারুলের বাড়িতে হামলা চালান। এ সময় একপর্যায়ে তাঁর মাথায় বাঁশের আঘাত লাগে। সুমনের পক্ষের লোকজন তাঁকে বাঁশ দিয়ে আঘাত করেছে বলে তিনি দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, বাহারুল, জাকির, বাবলু সরদারসহ পাঁচজনের নামে মারধরের অভিযোগে সুমনের বাবা বাদী হয়ে সোমবার একটি মামলা দায়ের করেন। কিন্তু সুমন মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরের জন্য গতকাল মঙ্গলবার আদালতে আবেদন জানানো হয়েছে।