নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইলে বার্মা ইস্টার্ন রোড এলাকায় সংঘর্ষে একজন নিহতের ঘটনায় পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চোরাই জ্বালানি তেলের ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে গত ১৬ এপ্রিল এ সংঘর্ষ হয়।
১১ জন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে নগরের কিল্লারপুল এলাকায় ড্রেজার পরিদপ্তর নদী ড্রেজিংয়ের কাজে পাঁচটি বড় ড্রেজার মেশিন ব্যবহার করছে। মেশিন চালু রাখার জন্য গোদনাইলের পদ্মা ডিপো থেকে প্রতিদিন গড়ে ৬০ লাখ টাকার ডিজেল কিনছে। ঢাকার সাভার ও আমিনবাজার পয়েন্টে ডিপো থেকে ডিজেল ট্যাংকলরির মাধ্যমে পরিবহন করা হয়। তেল পরিবহনের সময় সিস্টেম লসের নামে প্রতিদিন লক্ষাধিক টাকার তেল চুরি করা হয়।
তেল পরিবহনের ঠিকাদারি ব্যবসা নিয়ে বার্মা ইস্টার্ন রোড এলাকার বাসিন্দা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অখিলউদ্দিন ভূঁইয়ার সঙ্গে আওয়ামী লীগ সমর্থক শাখাওয়াত হোসেন ওরফে মামুন প্রধানের অনেক দিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে ১৬ এপ্রিল দুপুরে ডিপোর সামনের রাস্তায় দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ ১৫ জন আহত হন। সংঘর্ষে অখিলউদ্দিনের ছোট ভাই নাজিমউদ্দিন ভূঁইয়া মাথায় গুরুতর আঘাত পান। ১৯ এপ্রিল ভোরে তিনি মারা যান। নাজিমউদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা হয়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিমউদ্দিন এবং আওয়ামী লীগ সমর্থক শাখাওয়াত হোসেন বাদী হয়ে ১৬ তারিখ রাতেই মামলা দুটি করেন। দুটি মামলায় প্রধান আসামি করা হয় নাজিমউদ্দিনকে। নাজিমউদ্দিন নিহত হওয়ার পর তাঁর ভাতিজা আল-আমিন ভূঁইয়া বাদী হয়ে ২০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় শাখাওয়াতসহ ছয়জনকে আসামি করা হয়। এ প্রতিবেদক তাঁদের বাড়িতে কথা বলতে গেলে কাউকে পাননি।
স্থানীয়রা জানায়, এর আগে ২০১৩ সালে জেলা ডিবি পুলিশের কনস্টেবল মফিজ গোদনাইলের চোরাই তেল ব্যবসায়ীদের হাতে খুন হন। নাজিমউদ্দিন মারা যাওয়ার পর দুই পক্ষের বিরোধ আরও বেড়েছে। মামলার আসামি হওয়ায় শাখাওয়াত পলাতক। ভাই মারা যাওয়ার পর অখিল ভূঁইয়াও কোণঠাসা হয়ে পড়েছেন। এ সুযোগে পরীক্ষামূলক সম্প্রচারে থাকা একটি স্যাটেলাইট চ্যানেলের মালিক ড্রেজারের তেল পরিবহনের পুরো ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। তিনিও সিদ্ধিরগঞ্জের বাসিন্দা ও জ্বালানি তেল ব্যবসার সঙ্গে জড়িত।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শারাফতউল্লাহ জানান, নাজিমউদ্দিন ভূঁইয়া হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডিপো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) ফোরকান শিকদার গত মঙ্গলবার এলাকা পরিদর্শন করেন। তিনি ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতির কার্যালয়ে বসে নেতাদের সঙ্গে বৈঠক করে ডিপো ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান।