চোরাই পথে আনা ভারতীয় সাইকেল বিক্রির অভিযোগ
নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে চোরাই পথে আনা ভারতীয় সাইকেলের জমজমাট ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ব্যবসায়ী নির্বিঘ্নে এসব ব্যবসা চালিয়ে এলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নীরব রয়েছেন।
সৈয়দপুর সাইকেল ও সাইকেল পার্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, সৈয়দপুরসহ আশপাশে চোরাই ভারতীয় সাইকেলের ব্যবসা জমে ওঠায় তিনিসহ বৈধ ব্যবসায়ীরা আর্থিকভাবে গুরুতরভাবে ক্ষতির শিকার হচ্ছেন। তাঁর প্রতিষ্ঠান বৈধভাবে সাইকেল আমদানি করে বছরে কোটি কোটি টাকা সরকারকে রাজস্ব দিচ্ছে। অথচ অবৈধ কারবারে এসব ব্যবসায়ী প্রতি মাসে লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, সৈয়দপুরে চোরাইপথে আনা ভারতীয় সাইকেলের ব্যবসা হচ্ছে, এটা তাঁর জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।