চোরাই মাইক্রোবাস বিক্রির অভিযোগে মামলা বাদীকে হুমকি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার যুবদল সভাপতির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে চোরাই মাইক্রোবাস বিক্রির অভিযোগে মামলা হয়েছে। তবে আসামিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মামলার বাদী তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌসার গ্রামের বাসিন্দা প্রশান্ত রায় বলেন, ‘কিছুদিন আগে তাড়াশ উপজেলার যুবদল সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুনছুর রহমানের কাছ থেকে আমরা একটি মাইক্রোবাস কিনেছি। গাড়ির কাগজপত্র যে ভুয়া ছিল, তা আমাদের জানা ছিল না। এ ঘটনার সমাধান চেয়ে আমরা গত বছরের ৮ ডিসেম্বর সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে একটি মামলা করেছি।’ তিনি অভিযোগ করেন, মামলার বিবাদী প্রভাবশালী হওয়ায় তাঁদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। ফলে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তিনি চলতি মাসের ১০ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে মুনছুর রহমান বলেন, ‘গাড়িটি আমি ঢাকার শো-রুম থেকেই কিনেছি। ঢাকার বাসিন্দা সায়রুজ্জামান নামের এক ব্যক্তি ওই মাইক্রোবাসটি তাঁর দাবি করায় থানার পুলিশ তাঁকে গাড়িটি দিয়ে দেয়। তবে ওই মাইক্রোবাসটি চোরাই কি না, তা আমার জানা ছিল না। প্রশান্ত আমার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলা তুলে নিলে টাকা পরিশোধ করা হবে।’
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্রশান্ত রায় ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি মুনছুর রহমানের কাছ থেকে এফিডেভিটের মাধ্যমে ১২ লাখ টাকায় একটি মাইক্রোবাস কেনেন। গত বছরের ৩ ডিসেম্বর মাইক্রোবাসটি মেরামত করার জন্য বগুড়ার একটি ওয়ার্কশপে নিলে থানার পুলিশ সেটি জব্দ এবং প্রশান্ত রায় ও তাঁর গাড়িচালক আলিমকে আটক করে। তাঁদের দুই মাস জেলহাজতে থাকতে হয়। এরপর তাঁরা জানতে পারেন, গাড়িটির প্রকৃত মালিক ঢাকার সায়রুজ্জামান। পরে পুলিশ গাড়িটি সায়রুজ্জামানের কাছে হস্তান্তর করে।
এদিকে বিষয়টি প্রকাশের পর মুনসুর রহমান দীর্ঘদিন পলাতক থাকেন। পরে তিনি বাড়ি এলে স্থানীয় সালিসের মাধ্যমে তাঁকে গাড়ির টাকা ফেরত দিতে বলা হয়। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত তিনি ওই টাকা ফেরত দেননি। চুরির বিষয়টি জানাজানির পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
ঢাকার কাফরুল এলাকা থেকে ২০১১ সালের ১ জুলাই মাইক্রোবাসটি চুরি হয়। এ ঘটনায় ওই সময় কাফরুল থানায় একটি মামলা করা হয়। মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (পশ্চিম) শাখায় তদন্তাধীন।