চোরাই মালামালসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে ইমেজ সূর্যের হাসি ক্লিনিকের চুরি করা মালামালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আবদুর রহিম (২৭) ও তাঁর সহযোগী মো. সবুজ (২৫)। গত মঙ্গলবার রাতে নগরের অক্সিজেন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গত ২৯ জানুয়ারি বায়েজিদ আবাসিক এলাকায় ইমেজ সূর্যের হাসি ক্লিনিকের কার্যালয়ের তালা ভেঙে কম্পিউটার, ওষুধ, ল্যাপটপসহ তিন লাখ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় ক্লিনিকের ব্যবস্থাপক মোহসিনুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে অক্সিজেন এলাকার একটি ওষুধের দোকানের সামনে থেকে ওষুধসহ আবদুর রহিম ও তাঁর সহযোগী সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বাসা থেকে ক্লিনিক থেকে চুরি করা ল্যাপটপ, কম্পিউটার ও ওষুধ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহিম স্বীকার করেছেন, চুরির দুই মাস আগে তাঁর স্ত্রীকে ওই ক্লিনিকে চিকিৎসা করাতে নিয়ে যান। মূলত ওই সময় চুরির পরিকল্পনা করেন। বছর খানেক আগে একটি মিষ্টির দোকানের কারিগরের কাজ করলেও পরে রহিম চুরির কাজে জড়িয়ে পড়েন।