চোরাই মোটরসাইকেলের ‘চেহারাটাই’ বদলে ফেলে এরা
চোরাই মোটরসাইকেল কেনাবেচা সিন্ডিকেটের প্রধান হোতা লক্ষ্মীপুরের ফারুকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি মোটরসাইকেল। বুধবার ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার প্রত্যেক আসামিকে দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। বর্তমানে আসামিরা পুলিশি হেফাজতে রয়েছে। গ্রেপ্তার আট আসামি হলো আবুল কালাম আজাদ, রুবেল, সাগর মিয়া ওরফে ভাষানী, মো. বাবু, আফজাল হোসেন, রাশেদুল ইসলাম ওরফে রাসেল, ফারুক হোসেন ও হেলাল হোসেন।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল চুরির পর সিন্ডিকেটের সদস্যরা মোটরসাইকেলের আকার–আকৃতি পরিবর্তন করে ফেলে। পরে তারা এসব মোটরসাইকেল নিয়ে যায় চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালী এলাকায়। ডিবির লালবাগ জোনের উপকমিশনার (ডিবি) মো. রাজীব আল মাসুদ বলেন, সংঘবদ্ধ মোটরসাইকেল কেনাবেচা সিন্ডিকেটের মূল হোতা ফারুক। দীর্ঘদিন ধরে চক্রটি চোরাই মোটরসাইকেল কেনাবেচা করে আসছিল। ঢাকা ও কুমিল্লা থেকে চক্রটির আটজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার আদালতকে পুলিশ প্রতিবেদন দিয়ে বলছে, চোরাই মোটরসাইকেল কেনাবেচা সিন্ডিকেটের অন্যতম সদস্য কালাম ও পারভেজ পলাতক রয়েছে। আসামিরা বহুদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচা করে আসছিল।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, মঙ্গলবার বিকেলে ডিবির সদস্যরা জানতে পারেন, রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় গাড়িচোর চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে। তখন ডিবি সদস্যরা অভিযান চালিয়ে হাতিরঝিল থেকে আবুল কালাম, রুবেল, সাগর, বাবু, আফজাল ও রাশেদুলকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যে পরে ডিবি পুলিশ কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জ এলাকা থেকে ফারুক ও হেলালকে গ্রেপ্তার করে। তখন তাদের হেফাজত থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। চুরি যাওয়া মোটরসাইকেলের মধ্যে আছে অ্যাপাচি, পালসার, সুজুকি, বাজাজ ডিসকভার ও ইয়ামাহা ব্র্যান্ড।