চোরাই যান বিক্রি এসআইয়ের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস এম জাহাঙ্গীর আলম নামের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিচারক ও ব্যাংক কর্মকর্তার সিল-স্বাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে ২২টি ‘চোরাই’ মোটরসাইকেল বিক্রির অভিযোগ উঠেছে।
দিনাজপুরের বীরগঞ্জ থানায় থাকা অবস্থায় জাহাঙ্গীর জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এফ এম আহসানুল হক ও সোনালী ব্যাংক করপোরেট শাখার এক কর্মকর্তার স্বাক্ষর জাল করে এ অনিয়ম করেন। জাহাঙ্গীর বর্তমানে রাজশাহী রেঞ্জের গোদাগাড়ী থানায় কর্মরত।
ওই ঘটনায় অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহসানুল বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেনকে অভিযোগের ব্যাখ্যাসহ সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এসআই জাহাঙ্গীর ২০১৪ সালের ২৫ মে দিনাজপুরের নবাবগঞ্জ থানা থেকে বীরগঞ্জে যোগদান করেন। বীরগঞ্জ থেকে গত ৩ মার্চ তিনি গোদাগাড়ীতে বদলি হন।
মুখ্য বিচারিক হাকিম কার্যালয়ের নাজির মো. মামুন হোসেন বলেন, বিচারক আহসানুল ২০১৫ সালের ২৩ আগস্ট দিনাজপুরে যোগদান করেন। ওই বছরের ২৫ ডিসেম্বর আদালত থেকে বীরগঞ্জ থানার পাঁচটি মোটরসাইকেল নিলামের জন্য বিচারক আহসানুলকে নিযুক্ত করা হয়। এরপর কোনো মোটরসাইকেল নিলামের নির্দেশ দেওয়া হয়নি। বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার গান্ডাড়া গ্রামে পূজার অনুষ্ঠান থেকে কিছুদিন আগে কাহারোলের চৌকিশ্বর গ্রামের পরিমল চন্দ্র রায়ের কালো রঙের বাজাজ ডিসকোভার মোটরসাইকেল চুরি হয়। পয়লা বৈশাখ বীরগঞ্জের এক মেকারের দোকানে মোটরসাইকেলটি দেখতে পান পরিমল। মোটরসাইকেলের বিষয়ে পরিমল খোঁজ নিতে গেলে উপজেলার দেবীপুর গ্রামের বদিউল ইসলাম তাঁকে বলেন, তিনি মোটরসাইকেলটি এসআই জাহাঙ্গীরের কাছ থেকে কিনেছেন এবং তিনি নিলামের কাগজও দেখান। পরে মোটরসাইকেলের মালিকানা নিয়ে ওই দুজনের মধ্যে হাতাহাতি হলে নিলামের কাগজটি মিলিয়ে দেখলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
পুলিশ জানায়, বিষয়টি জানাজানি হলে এসআই জাহাঙ্গীরের কাছ থেকে মোটরসাইকেল কেনা ২২ জন তাঁদের কাগজ যাচাই করতে ২৩ এপ্রিল মুখ্য বিচারিক হাকিমের আদালতে যান। আদালত নিলামের কাগজগুলো নিয়ে দেখেন, গত ২৫ ডিসেম্বর পাঁচটি মোটরসাইকেল নিলামের আদেশ ছাড়া আর আদেশ দেওয়া হয়নি। নিলামের কাগজে আহসানুলের যে স্বাক্ষর ও আদালতের যে সিল ব্যবহার করা হয়েছে, তা জাল। যে স্মারক ব্যবহার করা হয়েছে, তা ভুয়া স্মারক। এ ছাড়া দিনাজপুর সোনালী ব্যাংকের করপোরেট শাখায় মোটরসাইকেল নিলামের টাকা জমা দেওয়ার যে রসিদ ব্যবহার করা হয়েছে, সেটি ভুয়া। ওই রসিদে যে ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, তিনি গত বছরের এপ্রিল মাসে অন্যত্র বদলি হন। এদিকে নিয়ম অনুযায়ী বিড লিস্টে নিলাম করা মালামাল সম্পর্কে থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা নম্বর থাকবে। কিন্তু জাহাঙ্গীরের দেওয়া কাগজে জিডি বা মামলার নম্বর ছিল না। বিচারক আহসানুল এসব বিষয়ে লিখিত প্রতিবেদন সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে থানার ওসিকে ২১ এপ্রিল নির্দেশ দিয়েছেন।
ক্রেতাদের নিলামের কাগজ থেকে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ১৭টি, ২৫ ডিসেম্বর দুটি এবং ৩০, ২৯, ২৮ ডিসেম্বর একটি করে মোটরসাইকেল নিলামে বিক্রি দেখানো হয়।
জানতে এসআই জাহাঙ্গীরের মুঠোফোনে তিন দিন ধরে অনেকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। আদালতের নাজির মো. মামুন হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, ওসি জাহাঙ্গীর হোসেন তাঁদের জানিয়েছেন, ২২টি মোটরসাইকেল জালিয়াতির মাধ্যমে এসআই জাহাঙ্গীর বিক্রি করেছেন। এসপি মো. রুহুল আমিন বলে, এ ঘটনায় ২৪ এপ্রিল অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।