বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ভারত থেকে চোরাইপথে গরু আসা বন্ধ হলে সীমান্তহত্যা বন্ধ হবে।
গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবগঠিত ৬০ বিজিবির ব্যাটালিয়নের পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আজিজ আহমেদ এ কথা বলেন।
বিজিবিপ্রধান বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের সম্মেলনে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালককে অনুরোধ করেছেন যেন ভারতীয় সীমান্তে গরু আনা বন্ধ করা হয়।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। দেশ গরু উৎপাদন করেও চাহিদা মেটাতে সক্ষম হব। আমাদের ভারতীয় গরুর প্রয়োজন নেই। ভারত থেকে গরু আনা বন্ধ হলে এ দেশে গরুর উৎপাদন বৃদ্ধি পাবে। এতে বেকার সমস্যাও কমে আসবে।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম, উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লা, ৬০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুল হক প্রমুখ।