চোরাকারবারি দলের সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলায় গতকাল বৃহস্পতিবার হেলাল হোসেন (২২) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। উপজেলার ধর্মজৈন সীমান্তে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারত থেকে গরু আনতে গেলে তাঁকে গ্রেপ্তার করে বিজিবি। হেলালের বাড়ি উপজেলার কাড়োলিয়া গ্রামে।
ধর্মজৈন সীমান্তের বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আতাউর রহমান বলেন, ওই এলাকার চোরাকারবারি দলের নেতা মোকাররম হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ সদস্যের একটি দল কাঁটাতারের বেড়ার ওপরে বাঁশের পাটাতন ফেলে গরুসহ ফেনসিডিল আনার চেষ্টা করছে—এমন খবর পায় বিজিবি। খবর পেয়ে গতকাল ভোররাতে বিজিবি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় চোরাকারবারি দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় হেলাল ধরা পড়ে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হেলালকে থানায় সোপর্দ করা হয়েছে।