চোরাকারবারির হামলায় বিজিবির দুই সদস্য আহত, গুলিবিদ্ধ ১
দিনাজপুরের হিলিতে ফেনসিডিল চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। এ সময় বিজিবির গুলিতে শাওন (৩২) নামের এক চোরাকারবারি আহত হন।
আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে উপজেলার সীমান্তবর্তী বোয়ালদাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যরা হলেন ২০ ব্যাটালিয়নের বাসুদেবপুর ক্যাম্পের সদস্য মোস্তাক আহমেদ ও ইউসুফ আলী। গুলিবিদ্ধ শাওন হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লার ঘুটু মিয়ার ছেলে। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের একটি দল হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের সীমান্তবর্তী পোলট্রি ফার্ম এলাকায় অবস্থান নেয়। ওই সময় ৩০ থেকে ৩৫ জন চোরাকারবারির একটি দল ভারত থেকে ফেনসিডিল নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছিল। ভোরে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা রামদা, হাঁসুয়া, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে মোস্তাক আহমেদের মাথা ও ইউসুফ আলীর হাত কেটে যায়। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়লে শাওন দুই পায়ে গুলিবিদ্ধ হন। অন্য চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় শুধু গুলিবিদ্ধ শাওনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২১৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, একটি রামদা ও দুটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
বাসুদেবপুর ক্যাম্পের নায়েক সুবেদার মাহবুব আলম বলেন, গুলিবিদ্ধ শাওনকে বিজিবি পাহারায় দ্রুত চিকিৎসার জন্য প্রথমে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবির আহত দুই সদস্যকে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।