অবরোধের পাঁচ দিন: ৭ দিনে নিহত ১১ ১৬২টি যানে আগুন ও ভাঙচুর ককটেল বিস্ফোরণ ২৬৯টি
চোরাগোপ্তা হামলা, শঙ্কা নিয়ে পথচলা

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচি কিছুটা ঢিলেঢালাভাবে চলছে। মাঠে কোনো নেতা-কর্মী নেই। তবে কোনো কোনো স্থানে চোরাগোপ্তা হামলা, লক্ষ্যবস্তু ঠিক করে বোমা নিক্ষেপ ও বিচ্ছিন্নভাবে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ফলে চলাচলে গতি এলেও জনমনে শঙ্কা কাটছে না। গতকাল শনিবার ছিল অবরোধের পঞ্চম দিন।
গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সরকারি দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবন লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে শুক্রবার বনানীতে আইনমন্ত্রীর বাসার সীমানাপ্রাচীরের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বোমা ফাটানো হয় কানাডা ও সৌদি দূতাবাসের সামনেও। ফেনীতে এক বিচারপতির গ্রামের বাড়িতে বৃহস্পতিবার আগুন দেওয়া হয়। শুক্রবার রাতে বগুড়া বাইপাস সড়কের চারমাথা নিশিন্দারা এলাকায় আলু বহনকারী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় চলা মালবাহী ট্রাকবহরে হামলা হয়েছে।
বোমা-আগুনের কারণে একান্ত প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হচ্ছে না। ফলে স্বাভাবিক কর্মচঞ্চল হয়নি নগর-মহানগর। পুলিশ বলছে, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ি লক্ষ্য করে বোমা হামলার মূল কারণ আতঙ্ক সৃষ্টি করা।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ২০-দলীয় জোট টানা অবরোধ ডেকেছে ৬ জানুয়ারি থেকে। কিন্তু সংঘাতের শুরু ৪ জানুয়ারি থেকে। অবরোধে শুক্রবার রাত থেকে গতকাল রাত আটটা পর্যন্ত বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আরও তিনজন মারা গেছেন। এর মধ্যে শুক্রবার রাতে একজন। অন্য দুজন শুক্রবার আহত হয়ে গতকাল মারা যান। সব মিলিয়ে ৪ জানুয়ারি থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ১১ জন।
পুলিশের হিসাবে ৪ জানুয়ারি থেকে গতকাল বিকেল পর্যন্ত সহিংসতায় আটজন নিহত হয়েছেন। আহত ২৫০ জন। এর মধ্যে ৮৬ জন পুলিশ সদস্য। গত সাত দিনে ৯৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ২৬৯টি। যানবাহন ভাঙচুর হয়েছে ৬৭টি। বোমা ও ককটেল উদ্ধার হয়েছে ৬২টি। এ সময় ঢাকা মহানগরে ১১টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলেন, ২০১৩ সালের অবরোধে বেশির ভাগ হতাহতের ঘটনা ছিল ঢাকার বাইরে। এবার ঢাকায়ও হচ্ছে। বিশেষ করে ককটেল ছোড়ার ঘটনা বেশি ঘটছে রাজধানীতেই।
জানতে চাইলে মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, অপরাধীকে দেখা মাত্র গ্রেপ্তারের নির্দেশনা রয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে কোনো ছাড় নয়।
গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা: গতকাল দুপুর একটার দিকে বাংলাদেশ টেলিভিশনের সীমানাদেয়ালের ভেতরে একটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। বিকট শব্দে ককটেল বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
বেলা সোয়া দুইটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় হাবিব নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রমনা থানার ওসি মোরশেদ আলম বলেন, পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছিল। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থাকা নেতা-কর্মীরা এক যুবককে ধরে ফেলেন।
গতকাল চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে পুলিশ-বিজিপির ১০টি গাড়ির পাহারায় ১১টি মালবাহী ট্রাক যাত্রা করে। কড়া পাহারা সত্ত্বেও বোমা হামলার ঘটনা ঘটে বহরে। এতে দুই পরিবহনশ্রমিক আহত হন।
শঙ্কা নিয়ে চলছে বাস, ট্রেন ও লঞ্চ: অবরোধের শুরু থেকেই নৌপথ ও রেলপথ স্বাভাবিক ছিল। তবে শনিবার ভোরে কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলার কারণে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে কয়েকজন আহত হন। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথে ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে সারা দেশের রেলসূচিতে বিপর্যয় নেমে আসে।
দুর্ঘটনাকবলিত মহানগর প্রভাতী ট্রেনটির চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রা বাতিল করা হয়। ঢাকা-সিলেট পথের পারাবত এক্সপ্রেস ট্রেন সাড়ে ১৩ ঘণ্টা দেরিতে চলেছে। সাত থেকে নয় ঘণ্টা দেরিতে চলেছে পাহাড়িকা, উপবন, জয়ন্তিকা, নীলসাগরসহ বেশির ভাগ ট্রেন। দেরিতে ট্রেন আসা-যাওয়ার কারণে ইজতেমার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
দূরপাল্লার পথে বাস চলাচল ছিল সীমিত। পণ্যবাহী যান চলছে পুলিশ-বিজিবির পাহারায়। গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ২০ মিনিটের ব্যবধানে রাজশাহী, খুলনা ও চুয়াডাঙ্গা পথে অন্তত তিনটি বাস চলতে দেখা যায়। নামীদামি পরিবহনের বিলাসবহুল বাস চলছে না। মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ ও সিলেট পথের বাস চলেছে। সায়েদাবাদ থেকে কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ আশপাশের জেলার বাসও চলেছে। তবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার পথে বাস চলেছে হাতে গোনা।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, দূরপাল্লার পথে বাস চলছে। তবে যাত্রী কম। এ জন্য বেশি বাস চলছে না।
গতকাল ভোর থেকে ৬৩টি লঞ্চ সদরঘাট টার্মিনালে এসেছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছেড়ে যায় আরও ১৯টি লঞ্চ। ঢাকায় আসা লঞ্চগুলোতে যাত্রীর পরিমাণ বেশি ছিল। সে তুলনায় ছেড়ে যাওয়া লঞ্চগুলো ছিল অনেকটাই ফাঁকা। যাত্রীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, লঞ্চে আগত যাত্রীদের বেশির ভাগই ইজতেমায় অংশ নেওয়ার জন্য ঢাকায় এসেছেন।
রাজপথে বোমা-আগুন আতঙ্ক: গতকাল রাজধানী ঢাকায় সংখ্যায় কম হলেও প্রায় সব পথেই বাস চলেছে। শঙ্কা ঠেলে ব্যক্তিগত গাড়ি নেমেছে প্রচুর। ফলে ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়।
গতকাল সকালে ফার্মগেটে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হলে অমূল্য বর্মণ (৪৫) নামের এক যাত্রী দগ্ধ হন। পেশায় রিকশাচালক অমূল্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত তেজগাঁও মহিলা কলেজের কাছে ৮ নম্বর পথের বাসটির পেছনে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। হুড়মুড় করে অন্য যাত্রীরা নামতে পারলেও অমূল্য বর্মণের দুই হাত ও মুখমণ্ডল পুড়ে যায়। পরে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকেরা জানান, অমূল্যের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম বলেন, বাসে ১০-১৫ জন যাত্রী ছিল। যাত্রী নেওয়ার জন্য সেখানে গতি কমিয়ে দেওয়া হয়েছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
আহত অমূল্য সাংবাদিকদের বলেন, তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশা চালান। তিনিসহ পাঁচজন রিকশাচালকের বাড়ি পঞ্চগড়ে। তাঁরা গাবতলী থেকে পঞ্চগড়ের বাস ধরার জন্য যাচ্ছিলেন।
দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যায় শাহবাগে ও ডেমরার সাইনবোর্ডে দুটি যাত্রীবাহী বাসে, কাকরাইলে একটি কাভার্ড ভ্যানে এবং মধ্যবাড্ডায় একটি লেগুনায় আগুন দেওয়া হয়। রাত সোয়া আটটার দিকে শনির আখড়ার রায়েরবাগে একটি বাসে, রাত সাড়ে আটটার দিকে বারিধারায় একটি বাসে এবং পৌনে নয়টার দিকে মিরপুর-১-এ একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
রাত নয়টার দিকে মিরপুরের কালশীতে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়লে কাজী শফিউল আলম (৩৫) নামের এক যাত্রী আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এ ছাড়া রাত ১০টার দিকে বংশালের আলু বাজারে ককটেল বিস্ফোরণে সেখানে টহলরত রাজারবাগ পুলিশ লাইনসের কনস্টেবল আবুল কালামসহ দুজন আহত হন।
রাত সাড়ে নয়টায় গুলশানে সুবাস্তু টাওয়ারের সামনে কয়েকজন যুবকের ঝটিকা মিছিলে শটগানের গুলি ছোড়ার সময় একটি স্প্লিন্টার পায়ে বিদ্ধ হয়ে আহত হন গুলশান থানার এসআই খালিদ হোসেন।