চোরাগোপ্তা হামলায় বাস-ট্রাকে আগুন ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জেলা ছাত্রদলের ডাকা অর্ধদিবস হরতালে গতকাল শনিবার জনজীবন স্বাভাবিক ছিল। তবে পিকেটারদের চোরাগোপ্তা হামলায় বাস ও ট্রাক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমদসহ গ্রেপ্তার করা নেতা-কর্মীদের মুক্তি এবং মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে গত শুক্রবার জেলা ছাত্রদল এ হরতাল ডাকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরতালের সমর্থনে ছাত্রদল বা যুবদলের কোনো নেতা-কর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি। কিন্তু দুপুর সোয়া একটার দিকে পিকেটাররা ফরিদপুর বাইপাস সড়কে একটি পাটের সুতলিভর্তি ট্রাকে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর জিলা স্কুলের সামনের মুজিব সড়কে দুই হরতাল-সমর্থক একটি মোটরসাইকেলে এসে সিঅ্যান্ডবি ঘাটগামী একটি খালি ট্রাকের সামনের কাচ ভাঙচুর করে। এ সময় অগ্নিসংযোগ করা হলেও চালক তা নিভিয়ে ফেলেন।
এদিকে শুক্রবার রাতে চরভদ্রাসন-ফরিদপুর সড়কের শহরতলির ভাজনডাঙ্গা এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নেভায়। ওই বাসটি ভাজনডাঙ্গা এলাকার টিবি হাসপাতালের মোড়ে ছিল।