চোরাচালানিদের হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে গতকাল বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালিয়েছে চোরাচালানিরা। এ সময় চোরাচালানিদের হামলায় সৈয়দপুর রেলওয়ে পুলিশের তিন কর্মকর্তা, তিন সদস্য ও এক সাংবাদিক আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবাইদুল ইসলাম, মোস্তফা কামাল ও রশিদুল ইসলাম; কনস্টেবল ফারুক হোসেন, রুবেল হোসেন ও সুজন কুমার মজুমদার এবং সাংবাদিক এম আর আলম। গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও সৈয়দপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্রে জানা গেছে, ট্রেনে এখন চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। গতকাল বেলা সোয়া একটার দিকে সৈয়দপুর স্টেশনে ঢোকার মুখে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় ২৫৭ প্যাকেট জিরা, পাঁচটি হরলিক্স, একটি শাড়ি ও ওড়না উদ্ধার করে পুলিশ। এ সময় তিনজন চোরাচালানিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সোনিয়া (৩০), ফুলকি (২৮) ও বেলাল হোসেন (২০)। তাঁরা হিজড়া সম্প্রদায়ের। এ খবর ছড়িয়ে পড়লে ট্রেনটিতে থাকা একই সম্প্রদায়ের প্রায় ৩৫ জন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় হিজড়া সম্প্রদায়ের লোকজন পুলিশকে গালিগালাজ করে বলতে থাকেন: ‘আমাদের কাজ নেই। ভাত দিতে পারিস না, এখন এসেছিস কাজে বাধা দিতে। আমাদের লোকদের ছেড়ে দে, নইলে থানা জ্বালিয়ে দেব।’ এ সময় ট্রেনটির চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় হলে তাঁরা রেললাইনে শুয়ে পড়েন। গ্রেপ্তার হওয়া তিনজনকে ছাড়া না হলে আত্মাহুতির হুমকি দেন তাঁরা। এ সময় পুলিশ তাঁদের মৃদু লাঠিপেটা করে। তখনই শুরু হয় তাণ্ডব। রেলপথের পাথর ছুড়ে পাল্টা হামলা করেন তাঁরা। এ সময় ওই সাতজন আহত হন। তাঁদের মধ্যে ছয়জনকে সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদ বলেন, ট্রেনে চোরাচালানিদের দৌরাত্ম্য বেড়েছে। চোরাচালান নিয়ন্ত্রণেই বিশেষ অভিযান চালানো হয়। এ ঘটনায় জিআরপি থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে। চোরাচালানিদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।