চোরাচালানের অভিযোগে নারীসহ আটক ৪
রাজবাড়ীতে কলকাতা-ঢাকাগামী পরিবহনে তল্লাশি চালিয়ে চোরাচালানের অভিযোগে নারীসহ চার ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮-এর একটি দল। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঢাকার উত্তর মুগদার জাহানারা বেগম (৫০), মুন্সিগঞ্জের হাতরপাড়া গ্রামের শফি ওসমান (৫৪), ময়মনসিংহের কয়রাকান্দি গ্রামের মনির হোসেন (৩৫) এবং ঢাকার দোহার থানার মধুর খোলা গ্রামের জয়নাল আবেদীন (৫৬)।
র্যাব-৮-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী সদর থানার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় নামক এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। সে সময় কলকাতা থেকে ঢাকাগামী রয়েল কোট পরিবহনে তল্লাশি চালিয়ে চোরাচালানের অভিযোগে চারজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় ১৬৪টি থ্রি-পিস, আটটি শাড়ি, ১০টি ওড়না, তিনটি লেহেংগা, নয়টি ম্যাক্সি জব্দ করা হয়।
র্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, জব্দ করা ভারতীয় পোশাকের দাম কমপক্ষে ১০ লাখ টাকা। চোরাচালানের অভিযোগে মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার সকালে আটক ব্যক্তিদের রাজবাড়ী সদর থানায় সোপর্দ করা হয়েছে।