চোরের কাছে তিন মাথা!
তিনজন মানুষের কঙ্কালে লেগেছিল মাটি। তিনটি মাথার কঙ্কাল এক থলেতে রাখা। হাত-পায়ের হাড়গোড় আরেক থলেতে। এই মৃতদেহগুলো তোলা জামালপুরের কবর থেকে। কবে তোলা হয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ। তবে কবর থেকে এসব কঙ্কাল চুরি করে বিক্রির জন্য ঢাকায় আনা দুই যুবক গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার দুই যুবক হলেন বিল্লাল হোসেন (২৯)। তাঁর বাড়ি জামালপুরের নরদী দক্ষিণপাড়া গ্রামে। অপরজন হলেন আমিনুল ইসলাম (৩০)। তিনি জামালপুরের গুনপাড়ার বাসিন্দা।
জামালপুর থেকে কঙ্কাল চুরি করে বঙ্গবাজার-সংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতালের সামনে থেকে গতকাল সোমবার সকালে কঙ্কালসহ হাতেনাতে গ্রেপ্তার হন বিল্লাল হোসেন ও আমিনুল ইসলাম। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশ মামলা করেছে।
কার মৃতদেহ, কোনো গ্রাম থেকে তোলা হয়েছে, কঙ্কাল চুরি চক্রের সঙ্গে আর কারা আছে—সব রহস্য উদ্ঘাটনের জন্য বিল্লাল হোসেন ও আমিনুল ইসলামকে একদিন পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল আসাদুল হক সোমবার সকালে বঙ্গবাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। কঙ্কালসহ দুই যুবককে তিনি গ্রেপ্তার করেন। আসাদুল হক প্রথম আলোকে বলেন, দুজন যুবক বড় দুটি থলে নিয়ে সরকারি হাসপাতালের সামনে আসার পর আশপাশে তাকাতাকি করতে থাকেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের কাছে গিয়ে জানতে চাই, ব্যাগে কী আছে? তখন চুপচাপ ছিলেন তাঁরা। কোনো কথা বলছিলেন না। পরে দেখা যায়, থলের ভেতর মানুষের কঙ্কাল। পরে তিনি শাহবাগ থানায় খবর দেন। তাঁদের থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক জানিয়েছেন, জামালপুরের কবর থেকে তিনজন মানুষের মৃতদেহ তুলেছেন। পরে কঙ্কাল থলেতে ভরে জামালপুর থেকে ঢাকায় বিক্রির জন্য এনেছেন। তাঁদের সহযোগী হলেন নাজমুল হোসেন (৩০)। তাঁর বাড়ি জামালপুরের বড় সত্তরে। এ চক্রের অন্যতম সদস্য হলেন ঢাকার বংশাল এলাকার মো. রানা (৩০)। অনেক দিন ধরে তাঁরা কবর থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করে আসছিলেন।
তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুনসুর আহম্মেদ বিল্লাল ও আমিনুলকে আদালতে হাজির করে রিমান্ড চান। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা মুনসুর প্রথম আলোকে বলেন, মানুষের কঙ্কাল চুরির সংঘবদ্ধ চক্রের এই দুজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করবেন। যে তিনজন মানুষের মাথাসহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে, তাদের পরিচয় উদ্ধারসহ চক্রের অপর সদস্যদের গ্রেপ্তার করা হবে। চক্রের বেশির ভাগ সদস্য জামালপুরের।
চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারে ঢাকা থেকে পুলিশের একটি দল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এহসানুল ফেরদৌস। তিনি প্রথম আলোকে বলেন, কবর থেকে মানুষের কঙ্কাল চুরি করে তা মোটা অঙ্কের বিনিময়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছে চক্রটি। দুজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করে চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে।