চৌগাছায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
যশোরের চৌগাছা উপজেলার ফুলসরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আশরাফ হোসেন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশরাফ পানিসারা গ্রামের মাঝেরপাড়া মসজিদের মোয়াজ্জেম পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পানিসারা গ্রামে।
আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের বাসিন্দা আসাদুল (৫৫), মহিদুল (৪০) ও তারা বিবি (৪০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গ্রামের মাঝেরপাড়া মসজিদের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এক পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আশরাফকে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রথম আলোকে গতকাল বিকেলে জানান, মামলার প্রস্তুতি চলছে।