চৌগাছায় বিষ দিয়ে চারটি গরু হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে গত বৃহস্পতিবার বিষ মেশানো খাবার খেয়ে চারটি গরু মারা গেছে। এর মধ্যে তিনটি গাভি ও একটি ষাঁড় রয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গরুর মালিক চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের মাজহারুল ইসলাম। তিনি সৈয়দপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহসুপার এবং ফুলসরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি)।
মাজহারুল ইসলাম বলেন, তাঁর খামারে ১১টি গরু রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গরুর সামনে খাবার দেওয়ার কিছুক্ষণ পরে তিনটি গাভি ও একটি ষাঁড় ছটফট করে মারা যায়। লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে খাবারে বিষ দিয়ে রাখা হয়েছিল। ওই খাবার খেয়েই গরুগুলো মারা গেছে। তিনি অভিযোগ করেন, ‘স্থানীয় ফুলসরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোবহানুল ইসলামের সঙ্গে আমার শত্রুতা রয়েছে। তিনি ও তাঁর লোকজন গরুর খাবারে বিষ দিয়ে হত্যা করতে পারেন।’
এ অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সোবহানুল ইসলাম বলেন, ‘আমি জনপ্রতিনিধি। কেউ আমাকে অপছন্দ করতে পারেন। কিন্তু বিষ দিয়ে গরু হত্যার মতো নিকৃষ্ট কাজের অভিযোগ ওঠা আমার জন্য অত্যন্ত লজ্জার।’