চৌদ্দগ্রামে অস্ত্র ও পেট্রলবোমা উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ অস্ত্র ও পেট্রলবোমা উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ওই অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। গতকাল বুধবার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মঙ্গলবার রাত দুইটার দিকে আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের আবদুল লতিফ ও ফারুকের বাড়ি ঘেরাও করে। পুলিশ প্রায় ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে তিনটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, একটি এলজি, দুটি গুলি, দুটি চাপাতি, একটি লম্বা ছেনি, তিনটি ককটেল ও ৩০টি পেট্রলবোমা উদ্ধার এবং তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হচ্ছেন ওই গ্রামের আবদুল লতিফ, তাঁর মা মানিক ধন ও একই বাড়ির ফারুক আহমেদ।
চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী বলেন, পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। তাঁরা সবাই সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে তাঁরা অস্ত্র ভাড়া দেন এবং নিজেরাও ভাড়ায় গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকেন