পেট্রলবোমায় পুড়ে কয়লা সাতজন
ভোর হলো না। গন্তব্যে পৌঁছাও গেল না। ঘুমের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।
ভোররাতে গুপ্তঘাতকের মতো যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর পুড়ে কয়লা হয়েছেন সাতজন। আহত ও দগ্ধ হয়েছেন কমপক্ষে ২৮ জন।
আজ মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার-সংলগ্ন জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইকন পরিবহনের বাসে এই হামলা হয়।
বাসের যাত্রী ও হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন—যশোরের সদর উপজেলার নুরুজ্জামান পপলু ও তাঁর স্কুলপড়ুয়া মেয়ে মাইশা, কক্সবাজারের চকরিয়া উপজেলার আবু তাহের ও আবু ইউসুফ, নরসিংদীর পলাশ উপজেলার আসমা বেগম ও তাঁর ছেলে শান্ত এবং ঢাকা কাপ্তানবাজারের ওয়াসিম।
নিহত সাতজনের লাশ সকালে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দগ্ধ নয়জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মির্জ্জা মু. তাইয়েবুল ইসলাম বলেন, দগ্ধ নয়জনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকি ছয়জন নিজ উদ্যোগে ঢাকায় চলে গেছেন। এই ছয়জনের শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে জানানো হয়েছে, দগ্ধ হওয়া ছয় ব্যক্তি ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের মো. হানিফ (৩৫) ও রাশেদুল (২৫), মানিকগঞ্জের মো. ফারুক (২৩) ও মো. জিলক্বদ (২০), ফরিদপুরের মো. আরিফ (২২), নারায়ণগঞ্জের মো. শফিকুল (১৮)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক সাজ্জাদ খন্দকার জানান, রাশেদুলের ৮০ শতাংশ ও শফিকুলের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক। জিলক্বদের শরীরের ২০ শতাংশ, আরিফের ১০ শতাংশ ও হানিফের ৭ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের দেওয়া তথ্য থেকে জানা যায়, আইকন পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকা ফিরছিল। ভোররাত সাড়ে তিনটার দিকে বাসটি জগমোহনপুর এলাকায় পৌঁছে। এ সময় বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাসে আগুন ধরে যায়। আগুনে পুড়ে বাসের ভেতর সাতজন মারা যান। আহত ও দগ্ধ হন অন্তত ২৮ জন।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজিম উদ্দিন বলেন, পেট্রলবোমার আগুনে বাসটির সব আসন পুড়ে গেছে। যাত্রীরা ঘুমে থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে।
কুমিল্লার দগ্ধ ছয়জন বার্ন ইউনিটে ভর্তি নিহত নুরুজ্জামানের স্ত্রী মাফরুহা (৩৭) এ ঘটনায় আহত হয়েছেন। পুড়ে কয়লা হয়েছে তাঁদের মেয়ে মাইশা। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাফরুহা বলেন, ‘বাসের বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখে চিৎকার করে বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ি।’
মাফরুহা জানান, তাঁরা চট্টগ্রাম থেকে ওই বাসে ওঠেন। তাঁর স্বামী ঠিকাদারি ব্যবসা করতেন।
নিহত আসমা বেগমের ছেলে মুন্না জানান, কক্সবাজারের চকরিয়া থেকে তাঁরা বাসে ওঠেন। নেমে যাওয়ার কথা ছিল কাঁচপুরে। তার আগেই সব শেষ হয়ে গেছে। এ ঘটনায় তাঁর ভাই শান্তও মারা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ মহাসড়ক পুলিশের কর্মকর্তারা। তাঁরা হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের ২৯ দিন আজ। এ ছাড়া রোববার থেকে চলছে ৭২ ঘণ্টার হরতাল।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ চলছে। এর দুই দিন আগেই সহিংসতার শুরু। সহিংসতায় এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে চার শতাধিক যানবাহনে। আরও প্রায় ৫০০টি যানবাহন ভাঙচুর করা হয়েছে।
পেট্রলবোমায় সন্তানসহ জাসদ নেতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় অগ্নিদগ্ধ হয়ে যশোর জেলা জাসদের নেতা নুরুজ্জামান পপলু এবং মেয়ে মাইশার মৃত্যুতে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আজ তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।