কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গুলি করে ও কুপিয়ে প্রতিপক্ষ আবুবকর সিদ্দিক ওরফে রানা নামের এক যুবলীগ কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় বশির আহমেদ নামে যুবলীগের আরও এক কর্মী আহত হন। নেত্রকোনার দুর্গাপুরে এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
যুবলীগের নিহত কর্মী আবুবকর সিদ্দিক (৩৫) চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের গুনিশকরা গ্রামের শহীদ উল্লাহ ভূঁইয়ার ছেলে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দুই নেতার দ্বন্দ্বে তিনি খুন হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ, এলাকাবাসী ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন উপজেলা যুবলীগের সদস্য গোলাম মোস্তফা। নির্বাচনে জয়ী হন জাহিদুল ইসলাম। এ ছাড়া পাতড্ডা বাজারের ইজারা, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে জাহিদুল ও মোস্তফার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাতে উপজেলার পাতড্ডা বাজারের সেতুর ওপর বসে আড্ডা দিচ্ছিলেন জাহিদুলের কর্মী আবুবকর, বশির আহমেদসহ কয়েকজন। এ সময় গোলাম মোস্তফার নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আবুবকর সিদ্দিক ও বশির আহমেদ। পরে রাত সাড়ে নয়টার দিকে তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক আবুবকরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বশির আহমেদ শনপুর গ্রামের বাসিন্দা। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আবুবকরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক গোলাম কিবরিয়া বলেন, নিহত আবুবকরের কপালে, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া হাঁটুর নিচে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম তাঁর প্রতিপক্ষ গোলাম মোস্তফাকে দায়ী করেন। এ বিষয়ে গোলাম মোস্তফার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় গতকাল নিহত যুবলীগ কর্মীর মা রেহানা বেগম বাদী হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল হাই কানু ও যুবলীগ নেতা গোলাম মোস্তফাসহ ১৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
এলাকাবাসী ও দুর্গাপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার কাপাসাটি শ্মশানঘাটের পাশের খেতের মাটি খুঁড়ে একটি গলিত লাশ উদ্ধার করা হয়। লাশ উত্তোলনের একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা বারইকান্দি গ্রামের এনামুল একপর্যায়ে দৌড়ে পালানো চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। দুর্গাপুর থানার ওসি খান মোহাম্মদ হুমায়ন কবীর বলেন, ‘ধারণা করা হচ্ছে লাশটি কয়েক মাস আগে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। লাশের সঙ্গে থাকা পোশাক দেখে মনে হচ্ছে, এটি নারী। ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।