চৌদ্দগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন (৩৮) ওই ইউনিয়নের কুলাসার গ্রামের আলী আহাম্মদের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জামাল উদ্দিন গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের পদুয়া মোড়ে আসামাত্র একদল দুর্বৃত্ত তাঁকে নির্মাণাধীন একটি দোকানঘরের মধ্যে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। একপর্যায়ে তাঁর হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়। এরপর গুলি করে। গুলি তাঁর কপাল ও কোমরে বিদ্ধ হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জামালের লাশের ময়নাতদন্ত হয়। জামাল উদ্দিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুরুল আলম হত্যা মামলার আসামি ছিলেন। ওই মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে তিনি এলাকায় ফেরেন।
চৌদ্দগ্রামে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত অন্তত চারজন বলেন, আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান ইসমাইল হোসেন ওরফে বাচ্চু ও একই দল-সমর্থিত সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জামাল উদ্দিন হেলালের অনুসারী ছিলেন।
চৌদ্দগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত একজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, পেশিশক্তি প্রদর্শনের জন্য যুবলীগের নেতাকে হত্যা করা হয়েছে। পুলিশ চাইলেই দুর্বৃত্তদের খুঁজে বের করতে পারবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের মুঠোফোনে গতকাল একাধিকবার ফোন করার চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ ফরহাদ বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ হত্যাকারীদের খুঁজে বের করতে জোর তৎপরতা চালাচ্ছে।