চ্যানেল আইয়ের উপস্থাপক ফারুকীর গলা কাটা লাশ উদ্ধার
রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও চ্যানেল আইয়ের ইসলাম-বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত আটটার দিকে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁকে হত্যা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর শেরে বাংলা থানার পুলিশ ফারুকীর বাসায় অবস্থান করছিল। তাঁর লাশের সুরতহালের কাজ চলছিল।
জানতে চাইলে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে খুনের সম্ভাব্য কোনো কারণ বলতে পারেননি। তবে ফারুকীর এক ছেলে বলেন, তাঁর বাবার কোনো শত্রু ছিল না। এ ব্যাপারে পুলিশও কিছু জানাতে পারেনি।
ফারুকী চ্যানেল আইয়ের পাশাপাশি মাই টিভিতেও ইসলাম-বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করতেন।
এদিকে মাওলানা ফারুকীকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে তাঁরা সমর্থকেরা। এ সময় মিছিলকারীদের কয়েকজনকে গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে।