নারায়ণগঞ্জে নকল করার অভিযোগে গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবাকে চড় মারার কথা স্বীকার করেছেন এক শিক্ষক। পরীক্ষার হল থেকে তাকে বহিষ্কার ও মারধরের অপমান সহ্য করতে না পেরে হাবিবা আত্মহত্যা করে বলে অভিযোগ রয়েছে। শিক্ষামন্ত্রীর নির্দেশে এ অভিযোগ তদন্তে আসা শিক্ষা অধিদপ্তরের কমিটির কাছে এ কথা স্বীকার করেন সহকারী শিক্ষক কামরুল হাসান ওরফে মুন্না।
গতকাল সোমবার বেলা দুইটার দিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি নারায়ণগঞ্জ আসে। তদন্ত কমিটির সদস্যরা প্রথমে শহরের নিতাইগঞ্জের ছোট ভগবানগঞ্জ এলাকায় উম্মে হাবিবাদের ভাড়া বাড়িতে যান। তাঁরা হাবিবার বাবা হাবিবুল্লাহ ও মা সেতারা বেগমের সঙ্গে কথা বলেন। তাঁদের কথা রেকর্ড করেন। এ ছাড়া আত্মহত্যার আগে হাবিবার লেখা ‘চিরকুট’ সংগ্রহ করেন।
ওই ‘চিরকুটে’ লেখা রয়েছে, ‘প্রিয় মা, আমার এ অবস্থার জন্য দায়ী আমাদের স্কুলের নাসরিন মিস, সে বিনা কারণে আমার পরীক্ষা দেওয়াটা বাতিল করে দিছে। মা, আমি তাদের অনেক বলছি, কিন্তু কেউ আমার কথা শোনে নাই। মা, মুন্না স্যার বিনা কারণে আমারে মারছে। সবাই আমারে বিনা কারণে মারছে। মা, পুরো স্কুল আমারে নিয়া হাসাহাসি করছে। মা, আমি এডি সহ্য করতে পারি নাই। তাই আমি আত্মহত্যা করতে বাধ্য হলাম। মা যদি পারেন আমারে মাপ করে দিয়ে ....। ইতি হাবিবা। মা, আমারে কাটাছেঁড়া করতে না কইরেন।’
পরে তদন্ত কমিটি নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ে যায়। সেখানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান ওরফে মুন্নার বক্তব্য রেকর্ড করা হয়। তিনি তদন্ত কমিটির কাছে উম্মে হাবিবাকে চড় মারার কথা স্বীকার করেন। অপর সহকারী শিক্ষক নাসরিন সুলতানা বলেন, ঘটনার দিন বৃহস্পতিবার বিদ্যালয়ে জীববিদ্যা পরীক্ষা চলছিল। পরে তিনি নকলসহ হাবিবার খাতা জব্দ করে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবদুল জব্বারের কাছে নিয়ে যান। পরে হাবিবাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহিষ্কার করেন।