চড়ের 'মূল্য' পরিশোধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামকে চড় মেরে এক হাজার টাকা জরিমানা দিয়েছেন ওই সংগঠনের এক কর্মী। আজ সোমবার বিকেলে অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় এ টাকা জমা দেওয়া হয়। ওই কর্মীর নাম সাইফুল ইসলাম। তিনি শরিফুল ইসলামের পক্ষেরই কর্মী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান আজ বিকেলে সাংবাদিকদের বলেন, শরিফুল ইসলামকে চড় মারায় গত ৫ জুন বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সিন্ডিকেট সভায় সাইফুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়। আজ ওই টাকা ব্যাংকে জমা দিয়েছেন সাইফুল।
উল্লেখ্য, সালাম না দেওয়ায় গত ৩১ জানুয়ারি সাইফুল ইসলামকে চড় দেন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। এতে সাইফুলও শরিফুলকে পাল্টা চড় মারেন। এ সময় শরিফুলের সঙ্গে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা সাইফুলকে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় সাইফুলকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সিন্ডিকেট সভায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়।