চড়-থাপ্পড়ের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রীর
মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ায় স্কুলছাত্রীকে এক তরুণ চড়-থাপ্পড় মারেন। এ ঘটনায় ওই ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার সদর থানায় মামলা হয়েছে। মামলার আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী শনিবার সকাল সাতটার দিকে বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের কাছে জুতাপট্টি সড়কে ওই ছাত্রী দাঁড়িয়ে আরেক তরুণের সঙ্গে কথা বলছিল। এ দৃশ্য দেখে মাসুদ রানা (২০) ক্ষুব্ধ হন। পরে তিনি ওই ছাত্রীকে চড়-থাপ্পড় মারেন। পরে বিদ্যালয়ে না গিয়ে ওই ছাত্রী বাড়ি ফিরে বাবা-মাকে বিষয়টি জানায়। ছাত্রীর বাবা-মা বিষয়টি মাসুদ রানার বাবা-মাকে জানালে তাঁরা উল্টো ওই ছাত্রীকে গালমন্দ করেন। এ ঘটনার কিছুক্ষণ পর ক্ষোভে-দুঃখে ওই ছাত্রী ঘরের ভেতরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন সদর হাসপাতালে ভর্তি করেন। সে আশঙ্কামুক্ত।
সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অনিমা দাস প্রথম আলোকে বলেন, মাসুদ রানা মাগুরা বেবি প্লাজা বিপণিবিতানের একটি দোকানের কর্মচারী। প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে তিনি প্রায়ই উত্ত্যক্ত করতেন। তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। মারধরের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মাসুদ রানার বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।