ছড়া দখল করে আ.লীগ নেতার দেয়াল নির্মাণ!

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের জিরো মাইল এলাকায় জেলা আওয়ামী লীগের এক নেতা ছড়া (ছোট খাল) অবৈধভাবে দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, জিরো মাইল এলাকার খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের পাশে ৩৪ শতক জায়গা ১০ বছরের জন্য ইজারা নিয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাহাব উদ্দিন মিয়া। দুই মাস ধরে জায়গাটিতে পাকা প্রাচীর নির্মাণের কাজ চলছে। জায়গাটির পেছনে প্রায় ২০ ফুট প্রশস্ত মহালছড়ার অর্ধেক অংশ অবৈধভাবে দখল করে প্রায় ২০ ফুট উঁচু পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। বর্তমানে অবৈধভাবে দখল করা ছড়ার জায়গা ইটের টুকরো দিয়ে ভরাট করা হচ্ছে।
এলাকার বাসিন্দা অরতা ত্রিপুরা বলেন, ‘দেয়ালটি যখন ছড়ার মাঝবরাবর নির্মাণ করা হচ্ছিল, তখন আমরা প্রতিবাদ করেছি। কিন্তু তারা কর্ণপাত করেনি।’
স্থানীয় মো. মোস্তফা বলেন, দেয়ালের কারণে ইতিমধ্যে ছড়ার পাড় ভাঙতে শুরু করেছে।
এ ব্যাপারে সাহাব উদ্দিন মিয়া বলেন, ‘জায়গাটি আমি ১০ বছরের জন্য মো. আনোয়ারের কাছ থেকে লিজ নিয়েছি। বুঝিয়ে দেওয়া জায়গার সীমানা অনুযায়ী সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।’ তিনি বলেন, ছড়ার বিপরীতে আনোয়ারের আরও জায়গা আছে। প্রয়োজনে সেই অংশ থেকে ছড়ার জন্য জায়গা ছেড়ে দেওয়া হবে।
জায়গার মালিক মো. আনোয়ার বলেন, দেয়াল নির্মাণের সঙ্গে তিনি সম্পৃক্ত নন। ছড়া দখলের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।
গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা বলেন, ‘দেয়াল নির্মাণের সময় এলাকাবাসীর কাছ থেকে অনেক আপত্তি এসেছিল। আমি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে দেয়াল নির্মাণে নিষেধ করেছি। কিন্তু আমার অনুরোধ তাঁরা শোনেননি।’