আওয়ামী লীগের মধ্যে ছদ্মবেশে থাকা জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক লোকজন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা কেরছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকেরা। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জেগে ওঠো বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনে তাঁরা এই মন্তব্য করেন।
নাসিরনগরসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিচার দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে শহীদজায়া মুশতারী শফী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, কবি সাংবাদিক আবুল মোমেন ও ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আবুল মোমেন। লিখিত বক্তব্যে সাম্প্রদায়িক হামলার দ্রুত বিচার নিশ্চিত করা, ক্ষমতাসীন দলে জামায়াতসহ ধর্মান্ধদের অনুপ্রবেশ সম্পর্কে সতর্ক থাকা এবং দলীয় লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়াসহ দশ দফা দাবি জানানো হয়।
এতে বলা হয়, বারবার সাম্প্রদায়িক হামলার কারণে দেশকে সংখ্যালঘুরা নিরাপদ মনে করতে পারছে না। ১৯৭১ সালে যে সংখ্যাটি ছিল মোট জনসংখ্যার ২৩ ভাগ তা আজ কমে ৯ ভাগে দাঁড়িয়েছে। নাসিরনগরের ঘটনায় স্থানীয় প্রশাসনের একাধিক কর্তাব্যক্তির দায়িত্বে অবহেলা এবং ক্ষমতাসীন দলের একাধিক নেতার উসকানি ছিল। নাসিরনগরের ঘটনার জের ধরে আরও কয়েকটি এলাকায় মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাইবান্ধায় সাঁওতালদের গ্রামে হামলায় দুজন নিহত হয়েছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, আগামী নির্বাচনে সরকারের ভোট কমানোর কৌশল হিসেবে সংখ্যালঘুদের দেশছাড়া করার অপতৎপরতা থেকে পরিকল্পিতভাবে এসব হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে মুশতারী শফী বলেন, আওয়ামী লীগের মধ্যে জামায়াত-শিবির ঘাপটি মেরে থেকে এসব হামলা চালাচ্ছে। স্বাধীনতার পর থেকে এ দেশের সংখ্যালঘুরা নির্যাতিত। ৪৫ বছরে এসব হামলার ঘটনারও দ্রুত বিচার করা উচিত।
অনুপম সেন বলেন, বর্তমান সরকার একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার করছে। এই বিচারের প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন আছে। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলাও একই ধরনের মানবতাবিরোধী অপরাধ। সেই অপরাধের বিচারে ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান তিনি।
সাম্প্রদায়িক হামলার সঙ্গে বিএনপি-জামায়াত ও জঙ্গিবাদীদের মদদ গোপন করা উচিত নয় বলে মন্তব্য করেন মইনুল ইসলাম। তিনি বলেন, নাসিরনগরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এখানে বিভাজনের রাজনীতি আছে। সরকারেরও আপসকামী মনোভাব আছে। অশোভন মন্তব্য করার পরও মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে আরও রয়েছে জঙ্গিবাদের মতো সাম্প্রদায়িকতার ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি নেওয়া, ধর্মনিরপেক্ষ বিজ্ঞানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, প্রকাশ্যে সভা-সমিতিতে ধর্মীয় কটাক্ষমূলক বক্তব্য নিষিদ্ধ করা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু কমিশন গঠন করা এবং জঙ্গিবাদের মতো সাম্প্রদায়িক হামলার দ্রুত বিচার নিশ্চিত করা।