ছবি তুলতে গিয়ে হামলার শিকার
সিলেটের আদালতপাড়ায় আইনজীবীদের বিক্ষোভ মিছিলের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় দৈনিক উত্তরপূর্ব-এর আলোকচিত্রী নুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নুরুলের কয়েকজন সহকর্মী জানান, আইনজীবীরা আদালতপাড়ায় মিছিল করছিলেন। সে সময় ওই মিছিলের ছবি তোলেন সাংবাদিক নুরুল। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন আইনজীবী তাঁকে বেধড়ক মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন। আহতাবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
নুরুল ইসলাম জানান, আইনজীবীদের বিক্ষোভ মিছিলের ছবি তুলতে গেলে কয়েকজন আইনজীবী তাঁকে বেধড়ক মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন। এদিকে নুরুলের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকেরা দুপুরে সিলেট জেলা জজ আদালতের সামনে থেকে মিছিল করে নগরের চৌহাট্টা এলাকায় শহীদ মিনারে গিয়ে জড়ো হন। পরে সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেখানে সাংবাদিকেরা অবস্থান কর্মসূচি পালন করেন। সমাবেশে সংগঠনের পক্ষ থেকে আইনজীবীদের সব ধরনের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেওয়া হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম ও সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে ঘটনার পর পর আইনজীবী সমিতির সভাপতি ঘটনাটি ‘অনাকাঙ্ক্ষিত’ জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সাংবাদিকদের জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি নুরুলের ক্যামেরা নিজের হেফাজতে নেন।