ছবি তোলার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি তুলতে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ, ছবি তুলতে সর্বোচ্চ ৩৫ টাকা লাগলেও আদায় করা হচ্ছে ১০০ টাকা করে। টাকা না দিলে শিক্ষার্থীদের উপবৃত্তি না দেওয়ারও হুমকিও দিচ্ছেন প্রধান শিক্ষক। এ ব্যাপারে গত সোমবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওই অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪৩ জন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম ছবি তোলার জন্য প্রতি ছাত্রের কাছ থেকে ১০০ টাকা হিসেবে ১৪ হাজার ৩০০ টাকা আদায় করছেন।
ধুলাউদাল গ্রামের অভিভাবক মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার বলেন, উপবৃত্তি পেতে ছাত্রছাত্রীরা ছবি এনে দিলেও প্রধান শিক্ষক তা গ্রহণ করছেন না। তিনি পরিচিত স্টুডিওর লোককে স্কুলে ডেকে এনে শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করে ছবি তুলতে বাধ্য করছেন।
তানজিলা নামের এক অভিভাবক অভিযোগ করে বলেন, তাঁরা গরিব মানুষ। তাঁর স্বামী ইটভাটায় কাজ করেন। একমাত্র ছেলে তানজিমুল ইসলামকে শিশু শ্রেণিতে ভর্তি করিয়েছেন। উপবৃত্তির কথা শুনে ৩০ টাকা দিয়ে স্থানীয় স্টুডিও থেকে ছবি তুলে এনে প্রধান শিক্ষককে দিলেও তিনি তা গ্রহণ করেননি। একই অভিযোগ ফরিদা, মমিনাসহ অর্ধশত অভিভাবকের।
বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ছাত্রছাত্রীরা ইচ্ছামতো ছবি তুলে স্কুলে জমা দেবে। অথচ প্রধান শিক্ষক নিজ দাপটে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে আদায় করেছেন। পরিচালনা কমিটির কাউকে জানাননি প্রধান শিক্ষক।
বিষয়টি নিয়ে কথা বলতে ওই বিদ্যালয়ে গেলেও প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। তাঁকে মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
স্কুলে উপস্থিত ক্ষুব্ধ অভিভাবকেরা বলেন, সাংবাদিক আসার কথা শুনে প্রধান শিক্ষক স্কুল থেকে চলে গেছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় ছবি প্রধান শিক্ষককে সরবরাহ করবে। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকেরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।