ছবি দেখে দরপত্র সন্ত্রাসীদের শনাক্ত করছে র্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রেলের দরপত্র নিয়ে বারবার সংঘর্ষের ঘটনার পেছনে কারা রয়েছেন, তাঁদের শনাক্ত করা হচ্ছে। যাঁরা দরপত্র-সন্ত্রাস করবেন তাঁদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।
র‌্যাব-৭-এর অধিনায়ক বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরে (সিআরবি) জোড়া খুনের ঘটনার দিন অস্ত্রসহ যাঁদের দেখা গেছে, ছবি দেখে তাঁদের সবাইকে শনাক্ত করা হচ্ছে। একে একে সবাইকে গ্রেপ্তার করা হবে। তাঁদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হবে।
জোড়া খুনের মামলার আসামি গত বুধবার রাতে নগরের লালখানবাজার এলাকায় বাসা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাইফুল আলম ওরফে লিমন ও তাঁর তিন সহযোগীকে। গতকাল র‌্যাব সদর দপ্তরে তাঁদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তবে সাংবাদিকদের সঙ্গে তাঁদের কথা বলতে দেওয়া হয়নি।
জোড়া খুন মামলার আসামি লিমনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, লিমনের কয়েকজন সহযোগীর নাম জানা গেছে। তদন্তের স্বার্থে তা গোপন রাখা হচ্ছে। কিছু অস্ত্রেরও সন্ধান পাওয়া গেছে।
লিমনকে গ্রেপ্তারে র‌্যাবে কোনো ধরনের রাজনৈতিক চাপ আছে কি না, এমন প্রশ্নে র‌্যাব অধিনায়ক বলেন, লিমনকে ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো তদবির ছিল না।
এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় লিমন ও তাঁর তিন সহযোগীকে আসামি করে খুলশী থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, র‌্যাব-৭-এর সহকারী পরিচালক আবদুল মজিব বাদী হয়ে অস্ত্র আইনে লিমনসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। কাল (আজ শুক্রবার) তাঁদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
২০১৩ সালের ২৪ জুন দরপত্র নিয়ে সিআরবিতে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়।