ছবি দেখে বিল দেওয়া হয়, কাজ দেখে নয়!
বান্দরবানের থানচি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্মিত সেতুগুলোর কাজ দেখে নয়, ছবি দেখেই বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য ঠিকাদারেরাও কাজের মানের চেয়ে কোনোরকমে দাঁড় করানো সেতুর কাঠামোর ওপর ঝকঝকে-তকতকে রং লাগিয়ে ছবি তোলায় মনোযোগ দিয়ে থাকেন বলে স্থানীয় ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজনেতারা বলেছেন, সেতুগুলোর কাজ এতই নিম্নমানের যে বৃষ্টিপাত হলে সিমেন্ট ও বালু ক্ষয়ে-গলে পড়ে যায়। স্থানীয় মরা বালু ও চরের নুড়ি পাথরের সঙ্গে সামান্য পরিমাণ সিমেন্ট মিশিয়ে নির্মাণকাজ করা হচ্ছে।
বলীপাড়া ইউপি সদস্য ক্যচিং মারমা, ক্যচু পাড়ার মেথোয়াই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এ রকম নিম্নমানের কাজের ওপর রঙের প্রলেপ লাগিয়ে ছবি তুলে বিল দিয়ে উন্নয়নের নামে এলাকার মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছোট ছোট সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় গত অর্থবছরে (২০১৩-১৪) থানচি উপজেলায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পাঁচটি সেতু নির্মাণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এ প্রকল্পের কাজ উপজেলা প্রশাসন, বিশেষ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধান করার কথা। কিন্তু যথাযথ তত্ত্বাবধান না থাকায় সব কটি সেতুর কাজই অত্যন্ত নিম্নমানের বলে এলাকার লোকজন অভিযোগ করেছেন।
বলীপাড়া ইউনিয়নের বলীপাড়া বাজার থেকে ক্যচুপাড়া সড়কে গিয়ে দেখা যায়, দাব্যাঝিরি সেতুর ওপরের অংশে কাজ শেষ করে ঝকঝকে-তকতকে রং করা হয়েছে। আর নিচের অংশে খুঁটি লাগানোর কাজ চলমান রয়েছে। এ রকম অবস্থা দেখে সেতুর কাজ শেষ হয়েছে, নাকি চলমান রয়েছে, অনুমান করা কঠিন। ওপরের রং করা অংশে রড থেকে বালু ও নুড়ি পাথর খসে পড়ে যাচ্ছে।
সেতুর পাশের পাড়ার ব্রহ্মদত্ত চাকমা কার্বারি (পাড়াপ্রধান), ক্যচু পাড়ার ক্যহ্লামং মারমা বলেন, মরা বালু ও চরের নুড়ি পাথর ব্যবহারের অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি, বরং চাঁদা দাবির অভিযোগে তাঁদের সন্ত্রাসী মামলা দেওয়ার হুমকি দিয়েছেন ঠিকাদারেরা। বলীপড়া ও প্রফুল্ল পাড়ার মধ্যখানে নির্মিত সেতুও কোনোরকমে দাঁড়িয়ে রয়েছে জানিয়ে একজন শিক্ষক বলেছেন, এ রকম নিম্নমানের কাজ করার চেয়ে না করাই ভালো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান গতকাল শুক্রবার ছবি তোলার জন্য সেতুগুলো রং করার কথা স্বীকার করে বলেছেন, অনেক দুর্গম এলাকায় পরিদর্শন করাও সম্ভব নয় বলে ছবি দেখে বিল দেওয়া হয়। তবে প্রথম কিস্তি বিল দেওয়া হলেও শেষ কিস্তি সব কটি সেতু সরেজমিনে পরিদর্শন না করে বিল দেওয়া হবে না। ছবি দেখে কাজের মান কীভাবে নিশ্চিত করবেন জানতে চাইলে তিনি বলেন, তিনি থানচিতে নতুন এসেছেন। এ জন্য বেশি কিছু তাঁর জানা নেই।