ছবি বিকৃত করায় ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ
বরগুনার তালতলী উপজেলায় কয়েকজন কিশোরের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীর ছবি বিকৃত করে ইন্টারনেট ও মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গত ৮ জানুয়ারি থেকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছে না।
ওই ছাত্রীর বাবা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন স্থানে এ বিষয়ে লিখিত অভিযোগ করেও তাঁরা প্রতিকার পাননি। বরং ওই কিশোরেরা উল্টো তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছে। এতে তাঁরা আতঙ্কে আছেন।
ইউএনও ইসরাইল হোসেন বলেন, ‘অভিযোগপত্রটি পাওয়ার পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে বলেছি।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার গতকাল শুক্রবার বলেন, ‘ইউএনও সাহেবের কাছে করা লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ওই যুবকদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’
ওই ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়েকে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র তার পাঁচ সহপাঠীসহ বেশ কয়েক মাস ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি ওই কিশোরেরা তাঁর মেয়েকে বিদ্যালয়ে যাওয়ার পথে কুপ্রস্তাব দেয়। এতে সাড়া না পেয়ে ওই কিশোরেরা মুঠোফোনে কৌশলে মেয়ের ছবি তুলে তা নগ্ন ছবির সঙ্গে মিলিয়ে বিকৃত করে ইন্টারনেটে ও বার্তার (এমএমএস) মাধ্যমে এলাকার লোকজনের মুঠোফোনে ছড়িয়ে দেয়। ৮ জানুয়ারি বিষয়টি জানার পর তিনি ওই কিশোর ও তার সহযোগীদের সন্দেহ করেন। ওই দিনই তিনি সন্দেহভাজন কিশোরের মুঠোফোনে ছবিটি খুঁজে পান। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে তিনি অভিযোগ করলে ওই কিশোরেরা তাঁদের দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনা জানার পর ৮ জানুয়ারি থেকে তাঁর মেয়ে বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিয়েছে। সে মানসিকভাবে ভেঙে পড়েছে। সব সময় একা ও চুপচাপ থাকে। তেমন খাওয়াদাওয়াও করছে না। প্রধান শিক্ষক ব্যবস্থা না নেওয়ায় গত ৩১ জানুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ছাত্রীর বাবার অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখছি। সত্যতা পাওয়া গেলে দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’