ছয় ওষুধের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা
নগরের ছয়টি ওষুধের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন, চিকিৎসকের জন্য বরাদ্দ থাকা নমুনা ওষুধ (ফিজিশিয়ান স্যাম্পল) ও সরকারি ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় আজ বৃহস্পতিবার এই জরিমানা করা হয়।
আজ দুপুরে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে নগরের ফিরিঙ্গিবাজার, বাকলিয়া ও চাক্তাই এলাকায় এই অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন, চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহুল আমীন প্রথম আলোকে বলেন, অভিযানে ছয়টি ওষুধের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ড্রাগ লাইসেন্স না থাকায় ফিরিঙ্গিবাজারের তৃষ্ণা মেডিকেল হল নামের একটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানে হক ফার্মেসিতে সরকারি ওষুধ পাওয়া গেছে। সবগুলো ওষুধ জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন সূত্র জানায়, অভিযানে ফিরিঙ্গিবাজারের সবুজ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ও তৃষ্ণা মেডিকেল হলকে ১০ হাজার টাকা, বাকলিয়ার মেসার্স বসুন্ধরা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, একই এলাকার মেসার্স বি এন ফার্মেসিকে ২০ হাজার টাকা ও মেসার্স জাপান ডেন্টাল কেয়ারকে পাঁচ হাজার টাকা এবং চাক্তাইয়ের মেসার্স হক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।