ছয় জেলায় মানববন্ধন প্রতিবাদী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের ওপর পুলিশের অমানুষিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। নির্যাতনের প্রতিবাদ, সাজানো মামলা প্রত্যাহার ও দায়ী পুলিশ সদস্যদের উপযুক্ত বিচারের দাবিতে গতকাল বুধ ও এর আগের দিন মঙ্গলবার বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন গতকাল দুপুর ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। এতে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খন্দকার শাহ আলম। বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন, ইনকিলাবের জ্যেষ্ঠ ফটোসাংবাদিক মতিউর সেন্টু প্রমুখ।

নোয়াখালী প্রেসক্লাবের সামনে গতকাল সকালে মানববন্ধন ও সমাবেশ হয় প্রথম আলোর বন্ধুসভার উদ্যোগে। আধা ঘণ্টার এ মানববন্ধনে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, দৈনিক সোনালী জমিন পত্রিকার সম্পাদক শাহ এমরান হোসেন, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি নিজাম উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।

নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয় গতকাল বেলা ১১টার দিকে। গুরুদাসপুর থানার সামনে শাপলা চত্বরে গুরুদাসপুর প্রেসক্লাব ও বন্ধুসভা যৌথভাবে এটির আয়োজন করে। গণমাধ্যমকর্মীরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয় মঙ্গলবার বেলা ১১টায়। বন্ধুসভার উদ্যোগে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সভায় বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

চট্টগ্রামের সাতকানিয়া প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার বেলা একটায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকনের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসাইন, দিদারুল আলম, নাজিম সালাম প্রমুখ বক্তব্য দেন।