ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি!
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা গতকাল সোমবার তিনটি নৌকাসহ ছয়জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। নৌকার মালিকেরা এ কথা বলেছেন।
নৌকার মালিকেরা বলেন, গতকাল নাফ নদীতে চারটি নৌকায় করে মাছ ধরছিলেন জেলেরা। বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রলারযোগে বিজিপির সদস্যরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে অস্ত্রের মুখে তিনটি নৌকাসহ ছয়জন জেলেকে ধরে নিয়ে যায়। এ সময় একটি নৌকা কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন নুরুল আলম (৪০), মো. মুজিব (৩৫), কালাইয়া (৩০), মো. সফি (২৭), আমির হোসেন (৪০)
ও উসমান গণি (৩০)। তাঁরা টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, নৌকার মালিক ও জেলে পরিবারের পক্ষ থেকে তাঁদের এ কথা জানানো হয়নি। বিষয়টি জানানো হলে জেলেসহ নৌকাগুলো ফেরত আনার ব্যবস্থা করা হবে।