
গত ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছে পাঁচ সদস্যের পরিবারটি। জবরদখল হয়ে যাওয়া একমাত্র ভিটেটি উদ্ধারের দাবি তাদের। তবে এ ছয় দিনে কোনো আশ্বাস মেলেনি। তবুও আশায় বুক বেঁধে হাড় কনকনে শীতেও বৃদ্ধ বাবা, দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে প্রেসক্লাবের সামনের ফুটপাতে পড়ে আছেন চুয়াডাঙ্গার ভূমিহীন আবদুর রাজ্জাক।
আবদুর রাজ্জাকের অভিযোগ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ-উজ্জামান তাঁদের জমি দখল করে ঘর তুলেছেন। প্রশাসনের বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেছেন গত দুই বছর ধরে। জায়গাটি তাঁর এমন প্রমাণ মিললেও উদ্ধার হয়নি। উপরন্তু মাসুদ-উজ্জামান বিভিন্ন সময় তাঁকে মামলা দিয়ে হয়রানি করেছেন।
গত সোমবার সকাল থেকে স্ত্রী মাহফুজা বেগম, বৃদ্ধ বাবা মোক্তার আলী, দুই মেয়ে বৃষ্টি ও মিষ্টিকে নিয়ে অনশন করছেন আবদুর রাজ্জাক। বসতভিটা উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আকুতি তাঁদের। গতকাল শনিবার রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবদুর রাজ্জাক বলেন, ‘মাসুদ-উজ্জামান প্রভাবশালী লোক, তাঁর সঙ্গে লড়াই করে পারব না। নিরুপায় হয়ে এখানে এসেছি, জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এখানেই থাকব।’
আবদুর রাজ্জাক আরও জানান, তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুঠি পাইকপাড়া গ্রামে সরকারের কাছ থেকে আট শতক জমি বন্দোবস্ত নিয়ে ২০০৯ সাল থেকে বসবাস করছিলেন। কিন্তু ২০১২ সালের এপ্রিলে আওয়ামী লীগ নেতা মাসুদ-উজ্জামান তাঁদের জমিটি দখল করে নেন।
মাসুদ-উজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেও জায়গাটি আবদুর রাজ্জাকের নামে বন্দোবস্ত বলে জানান। তবে তাঁর দাবি, জায়গাটি তিনি আবদুর রাজ্জাকের মাধ্যমে বন্দোবস্ত করিয়ে নিয়েছিলেন। কথা ছিল দু্জনে জায়গাটি ভাগ করে নেবেন। কিন্তু এখন তিনি আইনের মারপ্যাঁচে পড়ে গেছেন।
আবদুর রাজ্জাকের কাছে থাকা কাগজপত্রে দেখা গেছে, ২০১২ সালে উপজেলা প্রশাসনের তদন্তের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ওই জমি থেকে মাসুদ-উজ্জামানের দখল সরিয়ে নেওয়ার আদেশ দেয়। কিন্তু তখন জমি দখলমুক্ত হয়নি। গত বছরের সেপ্টেম্বরে মাসুদ-উজ্জামান বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রিট পিটিশন করেন। এরপর গত ৭ সেপ্টেম্বর সে সময়ে আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিনুজ্জামান জায়গাটি ভূমিহীন পরিবারটির বলে প্রতিবেদন জমা দেন। শাহিনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু এরপরও ভূমি ফিরে পায়নি পরিবারটি।
ভূমি তো গেছেই, মাসুদ-উজ্জামান বিভিন্ন সময়ে মামলা দিয়ে হয়রানি করেছেন বলেও অভিযোগ আছে। এর মধ্যে ঢাকার বংশাল থানায় করা একটি মামলায় আবদুর রাজ্জাককে গ্রেপ্তারও করা হয়। সেবার আলমডাঙ্গার ব্যবসায়ী খন্দকার বজলুল করিম তাঁর জামিনের ব্যবস্থা করেন। এরপর বজলুল করিমসহ আবদুর রাজ্জাকের নামে আলমডাঙ্গা থানায় অপহরণ, চাঁদাবাজি ও বোমা বিস্ফোরণের অভিযোগে তিনটি মামলা দেওয়া হয়। এই তিনটি মামলার বাদী পুলিশ।