
মৃত্যুর এক দিন আগেও চিকিৎসক শামারুখ মাহজাবিন তাঁর শ্বশুরবাড়িতে খুন হওয়ার আশঙ্কা করে নিজের বাবাকে ফোন করেছিলেন। শামারুখের বাবা সুনির্দিষ্টভাবে এ কথা উল্লেখ করে হত্যা মামলা করলেও সেই বিষয়ে ওই মামলার প্রধান আসামি, তাঁর শ্বশুর আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতানকে জিজ্ঞাসাবাদই করেনি পুলিশ।
গত ছয় দিনেও পুলিশ মামলার বাদী শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেনি। এই মামলায় গ্রেপ্তার শামারুখের স্বামী হুমায়ুন সুলতান রিমান্ডে আছেন।
শামারুখের বাবা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের আগের রাতে শামারুখ তাঁর শ্বশুর ও শাশুড়ির হাতে খুন হওয়ার আশঙ্কা করে তাঁকে সেখান থেকে নিয়ে যেতে বলেছিলেন। অথচ পুলিশ এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদই করল না। প্রসঙ্গত, তাঁরা হাইকোর্ট থেকে আগাম জামিনে আছেন।
মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে নুরুল ইসলাম বলেন, খান টিপু সুলতানের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ শামারুখ যে স্যুটকেটে লুকিয়ে রেখেছিলেন, সেটিও পুলিশ জব্দ করেনি। হত্যাকাণ্ডস্থল, বাসার বাথরুম থেকে আলামত হিসেবে হাত ও পায়ের ছাপ সংগ্রহ করা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার ধানমন্ডির শ্বশুরের বাসায় শামারুখের রহস্যজনক মৃত্যুর পর রাতেই শুধু পুলিশ ওই বাসায় গিয়েছিল। এরপর আর ওই বাসায় যায়নি।
জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, মৃত্যুর আগের দিন শামারুখের সঙ্গে তাঁর বাবার মুঠোফোনে যে কথোপকথন হয়েছিল, সে বিষয়ে খান টিপু সুলতানকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। মামলার বাদী শামারুখের বাবার সামনে এ বিষয়ে খান টিপু সুলতানকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানায়, শামারুখ মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে শামারুখের শোয়ার ঘর থেকে একটি ডায়েরি জব্দ করেন। জব্দ করা ওই ডায়েরি শামারুখের কি না, সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি। স্বজনেরা অভিযোগ করেন, উদ্ধার হওয়া ওই ডায়েরি লেখা শামারুখের দাবি করে খান টিপু সুলতানের পক্ষ থেকে তা একটি দৈনিকে ছেপে এখন ময়নাতদন্তের প্রতিবেদন তাঁদের পক্ষে নিতে চেষ্টা করছেন।
শামারুখের বাবা নুরুল ইসলাম বলেন, শামারুখ ডায়েরিতে কখনো কিছু লিখতেন না। মৃত্যুর আগ পর্যন্ত শামারুখ প্রতিটি বিষয়ে তাঁকে জানাতেন। তা ছাড়া কথিত ডায়েরি তাঁর মেয়ের লেখা নয়। তিনি অভিযোগ করেন, টিপু সুলতানের পক্ষ থেকে মনগড়া কিছু লিখে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ওই ডায়েরি যে শামারুখের, তাও নিশ্চিত হওয়া যায়নি। ডায়েরিতে অন্য যেসব লেখা আছে, তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হস্তরেখা বিশেষজ্ঞদের নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।
গত বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে শ্বশুর আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতানের বাসায় চিকিৎসক শামারুখ মাহজাবিনের রহস্যজনক মৃত্যু হয়। ওই দিন রাতেই শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে খান টিপু সুলতান, তাঁর স্ত্রী জেসমিন আরা ও তাঁদের ছেলে হুমায়ুন সুলতানকে আসামি করে হত্যা মামলা করেন।
আরও পড়ুন: